এ সম্পর্কিত আরও খবর
১৩ কোটির প্রতারণার অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে
- বিনোদন প্রতিবেদক
- প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পিএম
-
ছবি: সংগৃহীত
চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটির বেশি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়ের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মিজানুর রহমানের করা মামলায় ডিএমপির ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠায়।
গত শনিবার তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান।
তিনি বলেন, ১৩ কোটি টাকার প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন এবং লেনদেন সংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চলচ্চিত্র প্রযোজনার ব্যবসার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী মিজানুর রহমান ও তার এক বন্ধুর কাছ থেকে ধাপে ধাপে বিপুল পরিমাণ অর্থ নেন অভিযুক্ত। ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানাধীন পশ্চিম মাটিকাটা এলাকার একটি বাসায় গিয়ে নগদ ৫ কোটি ৫০ লাখ টাকা গ্রহণ করেন তিনি। পরে একই ব্যবসার কথা বলে স্ট্যান্ডার্ড ব্যাংকের মাধ্যমে আরও ৫০ লাখ এবং ২০২৪ সালের ১৫ মে তিনটি নন জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে নগদ ৬ কোটি টাকা নেন।
এ ছাড়া বিভিন্ন সময়ে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে আরও ১ কোটি ২০ লাখ টাকা পাঠানো হয়। সর্বশেষ ২০২৬ সালের ৩০ মার্চ বিকেলে অভিযুক্তের অনুরোধে আরও ১০ হাজার ২০০ টাকা বিকাশে পাঠানো হয়।
ভুক্তভোগীর দাবি, দীর্ঘ সময় পার হলেও অভিযুক্ত কোনো অর্থ ফেরত দেননি। টাকা চাইলে তিনি নানা অজুহাত দেন এবং পরবর্তীতে হুমকি দিতে থাকেন। এতে তার সরল বিশ্বাসের সুযোগ নিয়ে মোট ১৩ কোটি ২০ লাখ ১০ হাজার ২০০ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে মিজানুর রহমান বলেন, আমি আমার অভিযোগ থানায় জানিয়েছি। এখন বিষয়টি আদালতে বিচারাধীন।
অন্যদিকে বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে পূজা চেরি বলেন, এই মামলার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। বিষয়টি সম্পূর্ণ পারিবারিক এবং তদন্তাধীন। আইনগত প্রক্রিয়াই সব নির্ধারণ করবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন