এ সম্পর্কিত আরও খবর
এরোফোবিয়ায় আক্রান্ত আমির খান
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০২ মে ২০২৬, ০৬:৪২ পিএম
-
ছবি: সংগৃহীত
আলো ঝলমলে তারকা জীবনের আড়ালেও লুকিয়ে আছে ভয়। বলিউড অভিনেতা আমির খান দীর্ঘদিন ধরে ভুগছেন এক বিশেষ মানসিক সমস্যায়, তীব্র উদ্বেগ, দুশ্চিন্তা ও শারীরিক অস্বস্তি, এমনকি দুর্ঘটনার অযৌক্তিক ভয় ও মৃত্যু-আতঙ্কও গ্রাস করে। একজন শীর্ষস্থানীয় অভিনেতা হওয়ায় নিয়মিত বিমানযাত্রা তার জীবনের অবিচ্ছেদ্য অংশ, যা এই ভয়কে আরও কঠিন করে তোলে।
বিশেষজ্ঞদের মতে, এই ভীতির নাম এরোফোবিয়া। এটি হলো এমন এক ধরনের নির্দিষ্ট ফোবিয়া, যেখানে বিমানে ওঠার চিন্তাই মানুষকে মানসিক ও শারীরিকভাবে অস্থির করে তোলে। এর লক্ষণ হিসেবে হৃৎস্পন্দন বেড়ে যাওয়া, ঘাম হওয়া, মাথা ঘোরা, শ্বাসকষ্ট বা প্যানিক অ্যাটাক দেখা দিতে পারে। এই সমস্যার পেছনে থাকতে পারে অতীতের খারাপ অভিজ্ঞতা, উচ্চতার ভয়, বন্ধ জায়গার ভয় বা সাধারণ উদ্বেগজনিত সমস্যা। ফলে অনেকেই ধীরে ধীরে বিমানযাত্রা এড়িয়ে চলতে শুরু করেন, যা তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনকে প্রভাবিত করে।
তবে এই ভয় মোকাবিলায় আমির খান অনুসরণ করেন এক ভিন্নধর্মী পদ্ধতি ‘চিঠি লেখা’। বিমানে ওঠার আগে তিনি নিজের চিন্তা ও উদ্বেগ লিখে রাখেন তার দীর্ঘদিনের বন্ধু ও পরিচালক মনসুর খানের উদ্দেশে। কাজের সূত্রে শুরু হওয়া এই সম্পর্ক সময়ের সঙ্গে গভীর আস্থায় পরিণত হয়েছে। এক সাক্ষাৎকারে আমির জানান, যদি কোনো দুর্ঘটনায় তার মৃত্যু ঘটে, তাহলে অসমাপ্ত কাজ যেন নষ্ট না হয়— সেই দায়িত্ব মনসুর সামলাতে পারবেন বলেই আগেভাগে সব পরিকল্পনা লিখে রাখেন তিনি। এমনকি ব্যক্তিগত জীবনেও মনসুরের ওপর তার অগাধ ভরসা রয়েছে।
মনোবিজ্ঞানীদের মতে, এ ধরনের ‘প্রি-প্ল্যানিং’ বা অনুভূতি লিখে ফেলার অভ্যাস উদ্বেগ কমাতে কার্যকর ভূমিকা রাখে। গবেষণা বলছে, বিশ্বজুড়ে প্রায় ৩০–৪০ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে এই ধরনের ভয় বা উদ্বেগের মুখোমুখি হন। আমির খানের এই অভিজ্ঞতা মনে করিয়ে দেয় তারকাদের ঝলমলে জীবনের আড়ালেও লুকিয়ে থাকে একেবারে সাধারণ, মানবিক দুর্বলতার গল্প।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন