এ সম্পর্কিত আরও খবর
মা দিবসে মায়ের স্মৃতিতে বলিউড তারকারা, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১০ মে ২০২৬, ০৭:৪৮ পিএম
-
ছবি: সংগৃহীত
মা দিবস ঘিরে প্রতি বছরই বিশেষ আবেগে ভাসে বলিউড। মায়ের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা আর স্মৃতিচারণায় সোশ্যাল মিডিয়া হয়ে ওঠে তারকাদের আবেগ প্রকাশের অন্যতম মাধ্যম। এবারও তার ব্যতিক্রম হয়নি। মা দিবস উপলক্ষে সানি দেওল, কাজল, সঞ্জয় দত্ত থেকে শুরু করে রাকুল প্রীত সিং ও অনুপম খের-অনেকেই শেয়ার করেছেন মায়ের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত ও হৃদয়ছোঁয়া বার্তা।
অভিনেতা সানি দেওল মা দিবসে নিজের ইনস্টাগ্রামে একটি আবেগঘন ভিডিও পোস্ট করেন। সেখানে তাকে মায়ের সঙ্গে পাহাড়ি পরিবেশে সময় কাটাতে এবং মাকে জড়িয়ে ধরতে দেখা যায়। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘ভালোবাসি, মা।’ তার এই ছোট্ট বার্তাই ভক্তদের হৃদয় ছুঁয়ে যায়।
অন্যদিকে অভিনেত্রী কাজল মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে জানান তার অনুভূতি। অভিনেত্রী তনুজার সঙ্গে ছবি পোস্ট করে তিনি লেখেন, তাদের পরিবার ‘মাদার্স ক্লাব’র অংশ হলেও তার মা-ই এর সর্বোচ্চ স্থান অধিকার করেন। মাকে তিনি কালী, দুর্গা, লক্ষ্মী ও সরস্বতীর সমতুল্য বলে উল্লেখ করেন।
মা দিবসে আবেগঘন পোস্ট শেয়ার করেছেন অভিনেতা সঞ্জয় দত্ত। তিনি তার প্রয়াত মা নার্গিস দত্ত-এর সঙ্গে চারটি পুরোনো ও ব্যক্তিগত ছবি প্রকাশ করেন। এক ছবিতে তাকে মায়ের কোলে দেখা যায়, অন্য একটিতে শিশুসুলভ ভঙ্গিতে মায়ের কাছে থাকতে দেখা যায়। ক্যাপশনে তিনি লেখেন, ‘মা, তোমাকে খুব মিস করি। তোমার ভালোবাসা ও আশীর্বাদ সব সময় আমার সঙ্গে আছে।’
অভিনেত্রী রাকুল প্রীত সিং মা দিবসে তার মা এবং শাশুড়িকে উদ্দেশ্য করে একটি ভিডিও কোলাজ শেয়ার করেন। তিনি লেখেন, একজন তাকে জীবন দিয়েছেন, অন্যজন দিয়েছেন একটি সুন্দর পরিবার। তাদের নিঃশর্ত ভালোবাসা ও পথনির্দেশনার জন্য তিনি কৃতজ্ঞতা জানান।
এদিকে অভিনেতা অনুপম খের নিয়মিতই তার মা দুলারির সঙ্গে মুহূর্ত শেয়ার করেন। মা দিবসে তিনি আরও এক আবেগঘন বার্তায় লেখেন, মা শুধু জন্ম দেন না, প্রতিদিন সন্তানকে গড়ে তোলেন। তার মতে, মায়ের প্রার্থনা ও নিঃস্বার্থ ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় শক্তি।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন