এ সম্পর্কিত আরও খবর
অভিনেতা ও নাট্যকার আতাউর রহমানের মরদেহ নেওয়া হবে শহীদ মিনারে
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১২ মে ২০২৬, ১০:১১ এএম
-
ছবি: সংগৃহীত
স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আতাউর রহমান-এর মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে আজ মঙ্গলবার (১২ মে) কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। মগবাজারে জানাজা শেষে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত তার মরদেহ শহীদ বেদিতে রাখা হবে। পরে বনানী কবরস্থানে দাফন সম্পন্ন হবে এই গুণী নাট্যব্যক্তিত্বের।
অভিনয়শিল্পী সংঘ জানিয়েছে, জোহরের নামাজের পর মগবাজারের ইস্পাহানি সেঞ্চুরি আর্কেডে নিজ বাসভবনের সামনের খোলা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।
সোমবার মধ্যরাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার বাসায় পড়ে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আতাউর রহমান। প্রথমে তাকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হলেও আইসিইউ সুবিধা না থাকায় পরে ধানমন্ডির আরেকটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় একপর্যায়ে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হলেও পরে আবার অবস্থার অবনতি হলে রোববার পুনরায় লাইফ সাপোর্টে নেওয়া হয়।
১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া আতাউর রহমান বাংলাদেশের নাট্যাঙ্গনের অন্যতম পথিকৃৎ। অভিনয়, নাট্যরচনা, মঞ্চনির্দেশনা ও সাংস্কৃতিক আন্দোলনে তার অবদান বিশেষভাবে স্মরণীয়। স্বাধীনতাযুদ্ধ-পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত এই নাট্যজন একুশে পদক ও স্বাধীনতা পদকসহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন।
নাটকের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতাও করেছেন তিনি। তার প্রকাশিত বইগুলোর মধ্যে রয়েছে ‘প্রজাপতি নিবন্ধ’, ‘মঞ্চসারথির কাব্যকথা’, ‘নাটক করতে হলে’, ‘নাট্যপ্রবন্ধ বিচিত্রা’ ও ‘লেখনী’। এছাড়াও টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমেও তিনি দর্শকদের কাছে সমানভাবে সমাদৃত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন