এ সম্পর্কিত আরও খবর
বিশ্বকাপের মঞ্চে শাকিরা নাকি ‘বডি ডাবল’?
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৬:০৫ পিএম
-
ছবি: সংগৃহীত
২০২৬ বিশ্বকাপ ফুটবলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার পর থেকেই পপ তারকা শাকিরাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত গুঞ্জন। অনেকের দাবি, মেক্সিকো সিটির মঞ্চে পারফর্ম করা শিল্পী আসলে শাকিরা নন, বরং তার কোনো ‘বডি ডাবল’ বা রূপধারী।
তবে এই দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। বরং বিভিন্ন তথ্য ও ছবিতে দেখা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করা শিল্পী ছিলেন স্বয়ং শাকিরাই।
বৃহস্পতিবার (১১ জুন) মেক্সিকো সিটিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় ২৩তম ফুটবল বিশ্বকাপ। উদ্বোধনী অনুষ্ঠানে জে বালভিন, মানা ও লিলা ডাউনসের মতো তারকার পাশাপাশি দর্শকদের মাতান কলম্বিয়ান গায়িকা শাকিরা।
এই পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বকাপের মঞ্চে উপস্থিতির সংখ্যায় তিনি ছাড়িয়ে যান তার সাবেক সঙ্গী ও সাবেক ফুটবলার জেরার্ড পিকেকেও।
তবে অনুষ্ঠানের জাঁকজমক নয়, বরং শাকিরাকে ঘিরে ছড়িয়ে পড়া ‘ষড়যন্ত্র তত্ত্ব’ই বেশি আলোচনায় আসে। অনুষ্ঠান শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই একাধিক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী দাবি করেন, বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’ পরিবেশন করা শিল্পী নাকি আসল শাকিরা নন।
এক্স (সাবেক টুইটার) ও টিকটকে অনেকে লিখেছেন, মঞ্চে শাকিরার নাচের ভঙ্গি ও চেহারায় কিছুটা পার্থক্য দেখা গেছে। বিশেষ করে তার পোশাক, সানগ্লাস, চুলের রঙ এবং আগের পরিচিত লুকের সঙ্গে কিছুটা ভিন্নতা থেকেই এই গুঞ্জনের শুরু।
অনুষ্ঠানের দিন শাকিরার পরনে ছিল হলুদ পোশাক, সাদা শর্টস ও প্ল্যাটফর্ম স্নিকার্স। চোখে ছিল বড় ডার্ক সানগ্লাস। ফলে তার মুখের বেশিরভাগ অংশ ঢাকা থাকায় অনেকেই সন্দেহ প্রকাশ করেন।
তবে এই দাবির সবচেয়ে বড় খণ্ডন এসেছে একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় থেকে। দীর্ঘদিন ধরে শাকিরার কপালে থাকা একটি ছোট কাটা দাগ তার পরিচিত বৈশিষ্ট্যগুলোর একটি। চলতি বছরের মে মাসে নিউইয়র্কের একটি অনুষ্ঠানে তোলা ছবিতেও সেই দাগ স্পষ্ট দেখা যায়।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের ক্লোজ-আপ ফুটেজ ও ছবিতেও একই জায়গায় সেই দাগ দেখা গেছে। ফলে বিশেষজ্ঞদের মতে, মঞ্চে থাকা শিল্পী যে শাকিরা নিজেই ছিলেন, সেটিই সবচেয়ে যুক্তিসঙ্গত ব্যাখ্যা।
গুঞ্জন ছড়ালেও এখন পর্যন্ত শাকিরার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে পাওয়া তথ্য অনুযায়ী, বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে ‘বডি ডাবল’ নয়, পারফর্ম করেছেন স্বয়ং শাকিরাই।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন