এ সম্পর্কিত আরও খবর
৩০ সেকেন্ডে ১৯৫ চুম্বন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন ব্রাজিলের প্রেমিক যুগল
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৫:০৭ পিএম
-
ছবি: সংগৃহীত
মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নতুন ইতিহাস গড়েছেন ব্রাজিলের প্রেমিক যুগল রেনাতো বায়মা গাইয়া ও নাইয়ারা রোবার্তা রিবেইরো দে মারিন্স। এই কৃতিত্বের মাধ্যমে তারা ‘৩০ সেকেন্ডে এক জুটির সর্বাধিক চুম্বন’ বিভাগে নতুন বিশ্বরেকর্ডের স্বীকৃতি পেয়েছেন।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানিয়েছে, আন্তর্জাতিক চুম্বন দিবস উপলক্ষে তাদের এই রেকর্ড আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রায় দেড় বছর ধরে সম্পর্কে থাকা এই যুগলের ভাষ্য, তারা নিজেদের বিশ্বের সেরা জুটি মনে করেন। সেই ভালোবাসার স্মৃতিকে ব্যতিক্রমীভাবে উদযাপন করতেই তারা এই চ্যালেঞ্জে অংশ নেন।
৩২ বছর বয়সী রেনাতো এবং ৩৩ বছর বয়সী নাইয়ারা দুজনই পেশায় চিকিৎসক। করোনাভাইরাস মহামারির সময় তারা সামনের সারিতে থেকে চিকিৎসাসেবা দিয়েছেন। এবার চিকিৎসক পরিচয়ের পাশাপাশি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী হিসেবেও যুক্ত হলো তাদের নাম।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস প্রকাশিত ভিডিওতে দেখা যায়, প্রিয় ফুটবল ক্লাব সাও জোস ইসির জার্সি পরে রেনাতো দ্রুতগতিতে নাইয়ারার গালে একের পর এক চুম্বন করছেন। পুরো সময়জুড়ে হাসিমুখে সেই মুহূর্ত উপভোগ করেন নাইয়ারা।
এটি রেনাতোর প্রথম বিশ্বরেকর্ড নয়। এর আগে সবচেয়ে দ্রুত ১০টি বই সাজিয়ে ফেলে দেওয়া এবং পুরুষদের মধ্যে পায়ের সর্বাধিক ঘূর্ণনের মতো একাধিক বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।
সাম্প্রতিক সাফল্যের পর রেনাতোর দাবি, বর্তমানে তিনিই ব্রাজিলের সবচেয়ে বেশি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী ব্যক্তি। তিনি চান, তার এই রেকর্ডযাত্রার অংশ হিসেবে নাইয়ারার নামও চিরদিন স্মরণীয় হয়ে থাকুক।
তায়কোয়ান্দোতে ব্ল্যাক বেল্টধারী রেনাতো জানান, তিনি জয়ের প্রতি সবসময়ই প্রবলভাবে অনুরাগী। তিনি একজন অস্থিমজ্জা দাতা এবং এডিএইচডিতে আক্রান্ত। তার ভাষায়, “আমি প্রমাণ করতে চাই, এডিএইচডি থাকলেও মানুষ দৃঢ় ইচ্ছাশক্তি দিয়ে নিজের লক্ষ্য অর্জন করতে পারে।”
এবার এই যুগলের লক্ষ্য আরও বড়। তারা এক মিনিটে সর্বাধিক চুম্বনের বর্তমান বিশ্বরেকর্ড ভাঙার প্রস্তুতি নিচ্ছেন। বর্তমানে এই রেকর্ডটি জাপানের চেরি ইয়োশিতাকে (মিস্টার চেরি) ও কুমিকো শিরাতোরির দখলে। তারা এক মিনিটে ২৭৭টি চুম্বন করে এই রেকর্ড গড়েছিলেন।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন