এ সম্পর্কিত আরও খবর
দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন তাহসান
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৪:১২ পিএম
-
ছবি: সংগৃহীত
জনপ্রিয় সংগীতশিল্পী, অভিনেতা ও উপস্থাপক তাহসান খান দীর্ঘদিন পর আবারও পর্দায় ফিরছেন। তবে এবার তিনি গান বা অভিনয়ে নয়, নতুন এক ভূমিকায় দর্শকদের সামনে আসছেন।
জানা গেছে, আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতা **ইউরোভিশন সং কনটেস্ট**–এর বাংলাদেশ পর্ব **‘ভয়েজ অব বাংলাদেশ’**-এর সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করবেন তাহসান খান।
এর আগে অভিনয় থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি নতুন কোনো গান প্রকাশ না করার ঘোষণা দিয়েছিলেন তাহসান। এরপর থেকে তাকে গান কিংবা অভিনয়ে দেখা যায়নি। তাই তার প্রত্যাবর্তনের খবর ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে।
প্রতিযোগিতাটির বিচারকের আসনে থাকছেন দেশের সংগীতাঙ্গনের পাঁচ জনপ্রিয় শিল্পী ও সংগীত পরিচালক। তারা হলেন ফাহমিদা নবী, হামিন আহমেদ, বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন এবং আঁখি আলমগীর।
বিশ্বের অন্যতম বৃহৎ ও দীর্ঘতম লাইভ সংগীত প্রতিযোগিতা ইউরোভিশন সং কনটেস্ট ১৯৫৬ সাল থেকে আয়োজন করে আসছে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন (ইবিইউ)। এবার প্রথমবারের মতো এর আঞ্চলিক সংস্করণ ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া'য় অংশ নিচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশের প্রতিনিধি নির্বাচন করতে আয়োজন করা হয়েছে ‘ভয়েজ অব বাংলাদেশ’। প্রাথমিক বাছাই শেষে বর্তমানে সেরা ১২ প্রতিযোগীকে নিয়ে চলছে বিশেষ গ্রুমিং পর্ব। আগামী ৩০ সেপ্টেম্বর গ্র্যান্ড ফিনালের মাধ্যমে নির্বাচিত হবে বাংলাদেশের চূড়ান্ত প্রতিনিধি।
নির্বাচিত শিল্পী আগামী ১৪ নভেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য **ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও অংশ নেবে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, ভুটান, কম্বোডিয়া এবং লাওস।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ১ম তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউজ এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন