এ সম্পর্কিত আরও খবর
শহীদ ওসমান হাদির লেখা দুটি কবিতা
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:০৪ পিএম
-
ছবি: সংগৃহীত
চলে গেলেন জুলাই বিপ্লবী ওসমান হাদি (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাদি। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হাদি দুটি কবিতা লিখে গেছেন। আমার দেশের পাঠকদের জন্য তার কবিতা দুটি প্রকাশ করা হলো-
আমায় ছিঁড়ে খাও হে শকুন
হে সীমান্তের শকুন
এক্ষুনি ছিঁড়ে খাও আমাকে
হে আটলান্টিকের ঈগল
শিগগির খুবলে খাও আমাকে
হে বৈকাল হ্রদের বাজ
আঁচড়ে কামড়ে ছিন্নভিন্ন করো আমাকে।
আমার রক্তরসে শুধু অসহায়ত্ব আর অভাব;
কাগজের কামলারা তারে আদর করে মুদ্রাস্ফীতি ডাকে।
ঋণের চাপে নীল হয়ে যাচ্ছে আমার অণুচক্রিকা
সংসার চালাতে অন্তরে হয় ইন্টারনাল ব্লিডিং
কী আশ্চর্য, তবুও আমি মরছি না!
ওদিকে দোজখের ভয়ে
আত্মহত্যা করবারও সাহস পাই না আমি!
খোদাকে বললাম, আমি মরতে চাই
তিনি বললেন, বেঁচে আছ কে বলল?
সহস্রাব্দ উন্নয়নের সাক্ষী হিসেবে
রাজা তোমাকে মমি করে রেখেছেন!
বাজারে দীর্ঘশ্বাস ফেললে নাকি
রাজ্যের ভীষণ বদনাম হয়
রাজারও মন খারাপ হয় খুব।
কোতোয়ালরা ফরমান জারি করেছে
আমাকে সারাক্ষণই হাসতে হবে!
নইলে দেশি কুকুর ও বিদেশি মাগুরকে
একবেলা ভালোমন্দ খাওয়ানো হবে আমার মাংস দিয়ে
নিত্যদিন ব্রয়লারের ভুঁড়ি নাকি ওদের ভাল্লাগে না!
অথবা আমাকে ভাগ দিয়ে বেচা হবে
মানুষেরও তো মানুষ খাওয়ার সাধ হতে পারে, তাই না?
ভাগ্যিস তা বিদেশি সুপারশপে বিকি হবে না
দেশি মানুষেরই তো হক বেশি আমাকে খাওয়ার!
এ দোজখই যখন নিয়তি
তখন আমি উদাম হয়ে ডাকছি
দুনিয়ার শ্রেষ্ঠ মাংসাশী বিহগদের
হে ঈগল, চিল ও ভয়ংকর বাজেরা
হে সাম্রাজ্যবাদী সাহসী শকুনিরা
তোমরা এফ-থার্টি ফাইভের মতো
মিগ টুয়েন্টি নাইনের মতো—
দল বেঁধে হামলে পড়ো আমার বুকে
আমার রান, থান, চক্ষু, কলিজা
আজ সব তোমাদের গনিমতের মাল
দেশি শুয়োর খুবলে খাওয়ার আগেই
আমায় ইচ্ছেমতো ছিঁড়ে খাও তোমরা!
দোহাই, শুধু মস্তিষ্কটা খেয়ো না আমার
তা হলে শীঘ্রই দাস হয়ে যাবে তোমরাও।
আগুন কি আলো নয়
ওয়েস্টফেলিয়ায় এলো আধুনিকতা
ইউনিভার্সাল ডিক্লারেশনে মানবাধিকার
পশ্চিমা সূর্যে এলো রেনেসাঁর রূপসী রোদ
কলোনিতে আলোকায়ন এলো কিরণের নামে
তারপর তো শুধু সাম্য, মৈত্রী আর স্বাধীনতা!
প্রিন্স অব ওয়েলসে ঘোষণা হলো—
গণহত্যা গিলে খাবে না দুনিয়ারে আর
অতঃপর হলোকাস্টের হাঁপর নিভায়ে
শান্তির সুনামি আনল আটলান্টিক সভ্যতা!
এরপর? সত্তর বছর ধরে
তাফালের তুষ হলো প্রাচ্য
লাভায় লালশাক হয়ে গেল পুবের আকাশ
জেরুসালেম হয়ে গেল জল্লাদের জলসাঘর!
সভ্যতার এ শ্বেত শতাব্দীতে
গাজায় বারুদ নাচে উদ্দাম বিমানে
সহস্র সংসার হয়ে যায় প্রকাশ্য হিরোশিমা
চাম্বল পাতার মতো উড়ে যায় শিশুদের প্রাণ
মায়েরা খুলি কুড়িয়ে জোড়া দেয় ছিন্নভিন্ন মাথা
রক্তের ফিনকিতে ছিঁড়ে যায় আজরাইলের খাতা!
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন