এ সম্পর্কিত আরও খবর
লকডাউনের সেই পাগল এবার বইমেলায়
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫২ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
মেহেরপুরের সাব্বির আহমেদের করোনাকালের মানবিক অভিজ্ঞতা নিয়ে লেখা বই ‘করোনালিপি’ এবার অমর একুশে বইমেলায় স্থান করে নিচ্ছে। ২০২০ সালের লকডাউনের সময় পরিচালিত স্বেচ্ছাসেবী কার্যক্রমের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে লেখা এই বইটি সেই সময়ের মানবিক সংকট ও সহায়তা কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে প্রকাশিত হয়েছে।
করোনাকালে মানুষের কষ্ট, সংগ্রাম ও পারস্পরিক সহযোগিতার নানা বাস্তব চিত্র উঠে এসেছে বইটির পাতায়। লেখকের মাঠপর্যায়ের কাজের অভিজ্ঞতা ও মানবিক অনুভূতির সংমিশ্রণে গড়ে উঠেছে এই গ্রন্থ। বইটি পাঠকদের সেই কঠিন সময়ের স্মৃতি ও মানবিক মূল্যবোধ নিয়ে নতুন করে ভাবতে অনুপ্রাণিত করবে।
২০২০ সালে করোনাভাইরাস মহামারীর সময় যখন অধিকাংশ মানুষ ঘরবন্দি ছিলেন, তখন মেহেরপুরের সাব্বির আহমেদ নিজের টিউশনির জমানো টাকা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে মাঠে নামেন। কোনো সংগঠনের সঙ্গে যুক্ত না হয়ে তিনি স্বেচ্ছাসেবকদের একটি ছোট দল গড়ে তোলেন। টানা ১২০ দিনেরও বেশি সময় ধরে তারা খাদ্য সহায়তা, ওষুধ পৌঁছে দেওয়া এবং জরুরি সেবার সমন্বয়ে কাজ করেন। এলাকাবাসীর কাছে তখন তিনি ‘পাগল’ হিসেবে পরিচিত হলেও তিনি তার কার্যক্রম চালিয়ে যান।
লেখক সাব্বির আহমেদ জানান, স্বেচ্ছাসেবী কাজ করতে গিয়ে তিনি মানুষের বিভিন্ন সমস্যা, কষ্ট ও সংগ্রামের গল্প শুনেছেন এবং সেগুলো প্রতিদিন ডায়েরিতে লিখে রাখতেন। পরে সেই দিনলিপিগুলোই বই আকারে প্রকাশের সিদ্ধান্ত নেন তিনি।
বইটিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ভেতরের বাস্তব চিত্র, চিকিৎসক, রোগী ও স্বেচ্ছাসেবকদের প্রতিদিনের সংগ্রাম এবং মাঠপর্যায়ের মানবিক কাজের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। লেখকের ভাষ্য, ভবিষ্যতে যেকোনো মহামারী পরিস্থিতিতে মানুষ যেন মানবিক সেবায় এগিয়ে আসতে অনুপ্রাণিত হয়, সেই লক্ষ্যেই এই বইয়ের সূচনা।
বইটির প্রচ্ছদ করেছেন প্রখ্যাত শিল্পী ধ্রুব এষ, সম্পাদনা করেছেন বাংলা একাডেমির মোজাফ্ফর হোসেন এবং ভূমিকা লিখেছেন কথাসাহিত্যিক রফিকুর রশিদ। বইটি প্রকাশ করেছে সহজ প্রকাশনী।
‘করোনালিপি’ সাব্বির আহমেদের প্রথম বই। তিনি জানান, ভবিষ্যতে বিভিন্ন বিষয় নিয়ে আরও বই প্রকাশের পরিকল্পনা রয়েছে। বইটি বইমেলার সহজ প্রকাশনীর স্টল এবং অনলাইন প্ল্যাটফর্ম রকমারিতে পাওয়া যাচ্ছে। মূল্য ৪৮০ টাকা।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন