এ সম্পর্কিত আরও খবর
প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান কর্মসূচি
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৪:১০ এএম
-
ছবি: সংগৃহীত
শাহবাগে আন্দোলনকারী শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে সারা দেশে একযোগে কর্মবিরতি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। একই সঙ্গে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন।
শহীদ মিনারে অবস্থানরত শিক্ষকেরা শনিবার (৮ নভেম্বর) শাহবাগে লাঠিচার্জের ঘটনায় স্বরাষ্ট্র এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের পদত্যাগ দাবি জানিয়েছেন। তিন দফা দাবি আদায়ে শিক্ষকদের এই কর্মসূচির ফলে রবিবার (৯ নভেম্বর) দেশজুড়ে প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার যুক্তগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবদুল বারি বলেন, ‘দাবি আদায় ও শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আমরা কর্মবিরতি পালন করছি। আমি শহীদ মিনারের কর্মসূচিতে যোগ দিয়েছি, তবে আমাদের তিন সহকর্মী স্কুলেই আছেন।’
তিনি বলেন, ‘শিক্ষার্থীরা স্কুলের মাঠে খেলাধুলা করছে, কোনো ক্লাস হয়নি। সামনেই বার্ষিক পরীক্ষা। আমরা কর্মবিরতি পালন করতে চাই না। কিন্তু আমাদের রাস্তায় নামতে বাধ্য করা হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে- বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করা, পদোন্নতিতে বৈষম্য দূর করা এবং মাধ্যমিক স্তরের শিক্ষকদের সঙ্গে সমান মর্যাদা নিশ্চিত করা।
এর আগে শনিবার বিকালে কয়েক শ শিক্ষক কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান শেষে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ লাঠিচার্জ করে, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। এতে শতাধিক শিক্ষক আহত হন বলে আন্দোলনকারীরা অভিযোগ করেছেন।
চারটি শিক্ষক সংগঠনের জোট ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে এই আন্দোলন চলছে।
ওই ঘটনার পরই শিক্ষকেরা আজ থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন। তারা ‘পুলিশি হামলার’ প্রতিবাদে এবং দাবি আদায়ে শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচিও চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন