এ সম্পর্কিত আরও খবর
হাদির জানাজায় বাসে বাসে যোগ দিচ্ছেন জবি শিক্ষার্থীরা
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০২:৩৭ এএম
-
ছবি: সংগৃহীত
শহিদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণের উদ্দেশ্যে বাসে বাসে রওয়ানা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। এসময় ৭টি বাসে প্রায় সাড়ে পাঁচ শতাধিক শিক্ষার্থী যোগ দেন। শনিবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার টার দিকে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে মানিক মিয়া এভিনিউয়ের উদ্দেশ্যে বাসগুলো পালাক্রমে ছেড়ে যায়।
জানা যায়, গতকাল ১৯ ডিসেম্বর রাতে হাদির জানাজায় অংশ নেওয়ার জন্য ক্যাম্পাস থেকে বাসের ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এরই ধারাবাহিকতায় প্রথমে ৪টি এবং পরবর্তীতে ৩টি বাস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ছেড়ে যায়।
শিবির সমর্থিত 'অদম্য জবিয়ান ঐক্য' প্যানেলের ভিপি পদপ্রার্থী মো. রিয়াজুল ইসলাম বলেন, আমাদের প্রিয় বিপ্লবী হাদি ভাই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শাহাদাত বরণ করেছেন। শহিদের মরদেহ দেশে পৌঁছেছে। জানাজায় অংশ নিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে। জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে শহিদের কবর জিয়ারত করে আমরা ক্যাম্পাসে ফিরব, ইনশাআল্লাহ।
ছাত্রদল সমর্থিত 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' প্যানেলের এজিএস পদপ্রার্থী বি এম আতিকুর রহমান তানজিল বলেন, জুলাই সহযোদ্ধা ওসমান হাদি সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মানিক মিয়া এভিনিউতে তাঁর জানাজা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় বাসের ব্যবস্থা করা হয়েছে। আমরা তার শেষ বিদায়ে অংশ নিতে মানিক মিয়া এভিনিউয়ের উদ্দেশে রওনা দিচ্ছি।
এ বিষয়ে জকসু নির্বাচনে 'অদম্য জবিয়ান ঐক্য' প্যানেলের পরিবহন সম্পাদক পদপ্রার্থী তাওহিদুল ইসলাম, আমরা এখন ক্যাম্পাস থেকে ওসমান হাদির জানাজায় যাচ্ছি। হাদি মৃত্যুর পর মূল্যায়িত হয়েছেন; যদি আমরা তাঁর উপদেশ মেনে জুলাইয়ের চেতনাকে দ্রুত বাস্তবায়ন করতাম হয়ত তাকে হারাতে হতো না।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। এরপর ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার সার্জারি হয়। পরে পরিবারের ইচ্ছায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। আজ দুপুর দুইটায় মানিক মিয়া এভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন