এ সম্পর্কিত আরও খবর
আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩ পিএম
-
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জানাজা উপলক্ষ্যে সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য কিছু সড়কে যানচলাচল বন্ধ থাকবে। আবার কিছু সড়কে সীমিত আকারে যান চলাচল করবে। মঙ্গলবার ৩০ ডিসেম্বর রাতে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করে ডিএমপি।
যেসব ক্রসিংয়ে যানচলাচল বন্ধ থাকবে
জানাজার সময় রাপা প্লাজা থেকে গণভবন ক্রসিং, ফার্মগেট থেকে মানিক মিয়া এভিনিউ পশ্চিম প্রান্ত/আড়ং পর্যন্ত, বিজয় সরণি ক্রসিং থেকে লেকরোড হয়ে গণভবন ক্রসিং এবং উড়োজাহাজ ক্রসিং হয়ে খেজুরবাগান ক্রসিং হয়ে ফার্মগেট পুলিশ বক্স পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইন্দিরা রোডের ফার্মগেটে নামার র্যাম্প বন্ধ থাকবে। এ ক্ষেত্রে নগরবাসীকে এফডিসি র্যাম্প ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
যেসব সড়ক এড়িয়ে চলতে হবে
ডিএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোনারগাঁও মোড় থেকে ফার্মগেট/বিজয় সরণি (কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ) রোডে সীমিত আকারে গাড়ি চলাচল করবে। তাই যথাসম্ভব কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ পরিহারের পরামর্শ দেওয়া হয়েছে।
বনানী-মহাখালী-গুলশান বা এয়ারপোর্ট রোড থেকে রমনা-শাহবাগ-মতিঝিল-পল্টন-গুলিস্তানগামী যানবাহনকে মহাখালী বাস টার্মিনালের সামনের রাস্তা ও মগবাজার ফ্লাইওভার ব্যবহার করতে বলা হয়েছে।
মিরপুর থেকে ধানমন্ডি-মোহাম্মদপুরগামী যানবাহনকে মানিক মিয়া অ্যাভিনিউ ও এর আশপাশের এলাকা এড়িয়ে মিরপুর-টেকনিক্যাল-শ্যামলী রিংরোড হয়ে চলাচলের অনুরোধ করা হয়েছে।
মিরপুর থেকে রমনা-মতিঝিলগামী যানবাহনকে মিরপুর রোডের শ্যামলী থেকে বাঁয়ে টার্ন নিয়ে আগারগাঁও ক্রসিং হয়ে ফকরুদ্দিন রোড/লিংক রোড (বীর উত্তম মেজর জেনারেল আজিজুর রহমান রোড) হয়ে জাহাঙ্গীর গেট-মহাখালী-তেজগাঁও-মগবাজার ফ্লাইওভার হয়ে চলাচল করতে বলা হয়েছে।
যেসব সড়কে সীমিত যানবাহন চলবে
প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং থেকে দক্ষিণ দিকে বিজয় সরণি/ফার্মগেটে সীমিত যানবাহন চলাচল করবে। পান্থপথ ক্রসিং থেকে সোনারগাঁও হোটেল ক্রসিংয়ের দিকেও যানচলাচল সীমিত থাকবে। এছাড়া, ধানমন্ডি ৩২ নম্বর ক্রসিং ও প্রয়োজনে সায়েন্স ল্যাব ক্রসিং থেকে গাড়ি ডাইভারশন হবে।
যেসব স্থানে পার্কিং করা যাবে
ঢাকা মহানগরের যানবাহন আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে পার্কিং করতে বলা হয়েছে। ঢাকার বাইরে থেকে আসা যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহনকে মতিঝিল বাণিজ্যিক এলাকা, শাহবাগ থানা এলাকা, উত্তরা ১৭ নম্বর সেক্টরের বউবাজার/গরুর হাট এলাকা, পূর্বাচল এক্সপ্রেসওয়ে ৩০০ ফুট সার্ভিস রোডে পার্কিং করা যাবে। বুধবার সকাল ৭টা থেকে এসব নির্দেশনা ও রাস্তায় ডাইভারশন কার্যকর হবে বলে জানিয়েছে ডিএমপি।
এদিকে, বুধবার আইএসপিআরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্য সম্পন্ন উপলক্ষ্যে ঢাকা শহরের কলেজ গেট মোড় (রেসিডেন্সিয়াল মডেল কলেজ), আইডিবি ভবন মোড় ও বিজয় সরণি এলাকায় সকাল ৮টা থেকে যানবাহন চলাচল সীমিত থাকবে। সর্বসাধারণের জন্য পায়ে হাঁটার পথ উন্মুক্ত থাকবে। বিষয়টি সবাইকে বিবেচনায় রেখে চলাচল পরিকল্পনা করার জন্য অনুরোধ জানানো হলো। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন