এ সম্পর্কিত আরও খবর
সোমবারের মধ্যে হজযাত্রীদের টিকিট কনফার্ম করতে ৩ এয়ারলাইন্সকে চিঠি
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৫:৩৭ এএম
-
ছবি: সংগৃহীত
২০২৬ সালের হজ ব্যবস্থাপনা সুষ্ঠু ও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হজযাত্রীদের বিমান টিকিট আগামী সোমবারের (১৯ জানুয়ারি) মধ্যে কনফার্ম করার নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এ বিষয়ে সংশ্লিষ্ট তিনটি এয়ারলাইন্সকে চিঠি পাঠানো হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের কাছে এই চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, ২০২৬ সালের জন্য রাজকীয় সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষিত সৌদি রোডম্যাপ অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে হজযাত্রীদের জন্য মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া চুক্তি সম্পন্ন করতে হবে। জেনারেল অথোরিটি অব সিভিল অ্যাভিয়েশন (জিএসিএ) এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) অনুমোদিত ফ্লাইট শিডিউল ইতোমধ্যে এয়ারলাইন্সগুলোর হজ পোর্টালে আপলোড করা হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, হজ এজেন্সিগুলো মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া চুক্তির প্রয়োজনে এয়ারলাইন্সগুলোর কাছে বিমান টিকিটের চাহিদা বা রিকোয়েস্ট দাখিল করছে। এসব রিকোয়েস্ট দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট তিনটি এয়ারলাইন্সকে নিশ্চিত বা কনফার্ম করতে হবে।
সৌদি নির্দেশনা অনুযায়ী, একই সার্ভিস কোম্পানির হজযাত্রীদের একই ফ্লাইটে সৌদি আরবে যেতে হবে। একই সঙ্গে একই এজেন্সির মোট হজযাত্রীর কমপক্ষে ২০ শতাংশ প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী সময়ে এবং প্রথম ও শেষ পর্যায়ে ৩০ থেকে ৫০ শতাংশ বিমান টিকিট এজেন্সির অনুকূলে ইস্যুর ব্যবস্থা রাখতে হবে। তবে প্রি-হজ ফ্লাইটের প্রথম বা শেষ কোনো পর্যায়েই ৩০ শতাংশের কম কিংবা ৫০ শতাংশের বেশি টিকিট একটি এজেন্সির অনুকূলে ইস্যু করা যাবে না।
চিঠিতে বলা হয়, এই পরিস্থিতিতে হজযাত্রীদের বাড়ি ভাড়া, বিশেষ করে মদিনার বাড়ি ভাড়া চুক্তি সম্পন্ন করার জন্য এজেন্সিগুলোর দাখিল করা বিমান টিকিটের চাহিদা বা রিকোয়েস্ট সৌদি নির্দেশনা অনুযায়ী এয়ারলাইন্সগুলোকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আগামী ১৯ জানুয়ারির (সোমবার) মধ্যে নিশ্চিত করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট এজেন্সিকে জানাতে অনুরোধ করা হয়েছে।
সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিষয়টিকে অতীব জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে চিঠিতে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন