এ সম্পর্কিত আরও খবর
ভোট দিতে কেউ বাধা দিলে সে শেখ হাসিনা হয়ে যাবে: আসিফ নজরুল
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৮:১২ এএম
-
ছবি: সংগৃহীত
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও অংশগ্রহণমূলক করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। নির্বাচনে যাকে ইচ্ছা তাকে ভোট দেওয়া যাবে, কাউকে বাধা দেওয়া হবে না। কেউ যদি ভোট দিতে বাধা দেয়, সে নিজেই শেখ হাসিনায় পরিণত হবে। আমরা শেখ হাসিনা হতে চাই না।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বগুড়া জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ‘গণভোট বিষয়ে ভোটারদের সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
ড. আসিফ নজরুল বলেন, অতীতে আয়নাঘর, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও গায়েবি মামলার মতো যে ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল, তা পরিবর্তনের লক্ষ্যেই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে টানা ১৫ বছর জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে। কখনো রাতের ভোট, কখনো প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচন, আবার কখনো ডামি ও ভুয়া ভোটের মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এমনকি ভুল চিকিৎসার মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগও করেন তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৫ বছর জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত রেখে নিজেদের মধ্যে ক্ষমতা বণ্টন করা হয়েছে। মানুষের ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে এবং দেশকে অন্য দেশের কাছে বিকিয়ে দিয়ে অবৈধভাবে ক্ষমতা ভোগ করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের ফলে আবারও দেশে ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগ কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না।
আসন্ন নির্বাচনের দুটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে আইন উপদেষ্টা বলেন, এই প্রথম প্রবাসী বাংলাদেশিরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন এবং একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
গণভোটের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে তিনি বলেন, বড় ধরনের সংস্কারের জন্য সংবিধান সংশোধন প্রয়োজন। রাজনৈতিক দলগুলো সংস্কারের বিষয়ে একমত হলেও জনগণের মতামত নেওয়া বাকি রয়েছে। সেই মতামত জানতেই গণভোটের আয়োজন করা হয়েছে। এতে ‘হ্যাঁ’ ও ‘না’ দুটি বিকল্প থাকবে। যারা সংস্কারের পক্ষে, তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন। আর যারা শেখ হাসিনার আমলের মতো দেশ পরিচালনা চান, তারা ‘না’ ভোট দেবেন।
সভায় বগুড়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন