এ সম্পর্কিত আরও খবর
বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর ব্যবস্থা
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৫ পিএম
-
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য যদি কোনো ব্যক্তি, দল বা রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িত হন, তাহলে তার বিরুদ্ধে কঠোর ও বিভাগীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দফতরে আয়োজিত ‘বাংলাদেশ কোস্ট গার্ড পদক প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন নির্বাচন ও গণভোটের সময় কোস্ট গার্ড সদস্যদের নিরপেক্ষতা নিয়ে সরকার কোনো শিথিলতা দেখাবে না। তিনি কোস্ট গার্ড সদস্যদের অবদানের প্রশংসা করে বলেন, উপকূলীয় এলাকা ও অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ, অস্ত্র ও মাদক চোরাচালান দমন, মানবপাচার ও জলদস্যুতা রোধে কোস্ট গার্ড সাহসিকতার সঙ্গে কাজ করছে। এছাড়া দুর্ঘটনাগ্রস্ত নৌযান ও নাবিকদের উদ্ধার কার্যক্রমও তারা সফলভাবে পরিচালনা করছে।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কোস্ট গার্ডের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ঘূর্ণিঝড়, বন্যা ও অন্যান্য দুর্যোগে জনগণকে সচেতন করা, উদ্ধার ও ত্রাণ বিতরণ, শীতবস্ত্র ও লাইফ জ্যাকেট বিতরণ এবং রোহিঙ্গা সংকট মোকাবেলায় তাদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
তিনি আরও জানান, নিরাপদ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সারাদেশে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে, যার মধ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩ হাজার ৫৮৫ জন সদস্যও রয়েছে। এরই অংশ হিসেবে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় ইতোমধ্যেই ১০০টি প্লাটুন মোতায়েন করা হয়েছে।
অনুষ্ঠানে দায়িত্ব পালনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৪০ জন কোস্ট গার্ড সদস্যকে পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন