এ সম্পর্কিত আরও খবর
হাদি হত্যার বিচারে সরকার বদ্ধপরিকর, রোববার জাতিসংঘে চিঠি পাঠাবে সরকার
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৫ পিএম
-
ছবি: সংগৃহীত
শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে হওয়া বিক্ষোভ দমনে আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় ২৩ জন আহত হলেও কেউ গুলিবিদ্ধ হননি।
শুক্রবার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, গত বৃহস্পতিবার বিকেল থেকে ইনকিলাব মঞ্চের ব্যানারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু হয়। যমুনা ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী শুরুতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো বল প্রয়োগ করেনি।
বিবৃতিতে বলা হয়, শুক্রবার বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে এবং একপর্যায়ে জলকামানের ওপর উঠে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তখন আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। তবে এ সময় কোনো ধরনের গুলি ছোড়া হয়নি বলে সরকার স্পষ্টভাবে জানিয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও সংলগ্ন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ রয়েছে। এ প্রেক্ষাপটে পুলিশ নিয়মতান্ত্রিক ও আইনানুগভাবে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশও নিশ্চিত করেছে, অভিযানে কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের তথ্য অনুযায়ী, এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরসহ মোট ২৩ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের কারও শরীরে গুলির আঘাত নেই।
বিবৃতিতে সরকার পুনরায় জানায়, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। জাতিসংঘের অধীনে তদন্ত পরিচালনার আইনগত দিক গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে এবং এ বিষয়ে আগামী রোববার জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে।
বিক্ষোভকারীদের ওপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের যে অভিযোগ বিভিন্ন মাধ্যমে উঠেছে, তা সঠিক নয় বলেও দাবি করেছে সরকার।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে বর্তমান সংবেদনশীল রাজনৈতিক পরিস্থিতিতে সবাইকে ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে সরকার। বিবৃতিতে বলা হয়, দেশের প্রায় ১৮ কোটি মানুষ নির্বাচনের অপেক্ষায় রয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে। এ উপলক্ষে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকরাও ইতোমধ্যে দেশে এসেছেন।
সরকার দেশের সব নাগরিকের সহযোগিতায় একটি উৎসবমুখর, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে বদ্ধপরিকর। বিবৃতিতে উল্লেখ করা হয়, আসন্ন নির্বাচন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের মাধ্যমে অর্জিত এই সুযোগ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে বাস্তবায়ন করা দেশের ভবিষ্যৎ অগ্রগতি ও স্থিতিশীলতার জন্য অত্যন্ত জরুরি।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন