এ সম্পর্কিত আরও খবর
ঘরে বসেই ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানবেন যেভাবে
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৩ পিএম
-
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর মাত্র কয়েক দিন বাকি। কিন্তু যদি আপনি এখনও না জানেন আপনার ভোটকেন্দ্র কোথায়, ভোটার নম্বর কত, তাহলেও কিন্তু দুশ্চিন্তার কিছু নেই। ঘরে বসেই মাত্র কয়েক ক্লিকে জানতে পারবেন এই তথ্যগুলো। কিভাবে এসব তথ্য পাবেন তার কয়েকটি পদ্ধতির কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির পক্ষ থেকে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের ভোট দেওয়ার সুবিধার্থে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য চার পদ্ধতি চালু করা হয়েছে। এর মধ্যে রয়েছে- স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ, হটলাইন নম্বর ১০৫, একই নম্বরে এসএমএস এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইট।
পদ্ধতি-১ : স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ
ভোটাররা স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপের মাধ্যমে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। এ জন্য ভোটারকে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করতে হবে। অ্যাপ ইনস্টলের পর ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ অপশনটি সিলেক্ট (নির্বাচন) করতে হবে। ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করতে হবে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ও জন্মতারিখ ইনপুট দিয়ে অনুসন্ধান করতে হবে। অনুসন্ধানে ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম ও কেন্দ্রের ঠিকানা প্রদর্শিত হবে।
পদ্ধতি-২ : হটলাইন নম্বর
বাংলাদেশের যে কোনো ভোটার ১০৫ হটলাইন নম্বরে কল করে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। এ জন্য হটলাইন নম্বরে (১০৫) কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে। এ পদ্ধতিতে তথ্য জানতে ভোটারের এনআইডি নম্বর ও জন্মতারিখ প্রয়োজন হবে। এ জন্য এসব তথ্য হাতে নিয়ে হটলাইন নম্বরে (১০৫) কল করতে হবে। প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ সেবা চালু থাকবে।
পদ্ধতি-৩ : এসএমএস সেবা
ক্ষুদে বার্তা বা এসএমএসের মাধ্যমে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ‘পিসি এনআইডি’ (PC NID) লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানিয়ে দেওয়া হবে।
পদ্ধতি-৪ : নির্বাচন কমিশনের ওয়েবসাইট
ইসির ওয়েবসাইট থেকেও ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। এ জন্য ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইল ফোনের যে কোনো ব্রাউজার থেকে ইসির ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটের ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করলে ভোটকেন্দ্র অনুসন্ধানের অপশন পাওয়া যাবে। ওয়েবসাইটে দুটি উপায়ে ভোটকেন্দ্র খোঁজা যাবে। প্রথমত, নির্বাচনী এলাকা বা উপজেলা/থানা সিলেক্ট (নির্বাচন) করে সংশ্লিষ্ট কেন্দ্রের তালিকা দেখা যাবে। দ্বিতীয়ত, এনআইডি নম্বর ও জন্মতারিখ দিয়ে অনুসন্ধান করলে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে।
গত ১৬ জানুয়ারি থেকে পাইলট আকারে চালু হওয়া এই বিশেষ সেবার মাধ্যমে এরই মধ্যে এক হাজার ৬৪৩ জন নাগরিক তথ্য ও সহায়তা নিয়েছেন বলে গত ৪ ফেব্রুয়ারি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে জানা যায়।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন