এ সম্পর্কিত আরও খবর
গণভোট ও জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ ভোটাধিকার প্রয়োগের আহ্বান আলেম সমাজের
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৩ পিএম
-
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে শান্তিপূর্ণ ভোটাধিকার প্রয়োগ, নারী নির্যাতনের নিন্দা এবং বিভ্রান্তিকর ফতোয়া প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ আলেম সমাজ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত গণভোট ও জাতীয় নির্বাচনে আলেম সমাজের ভাবনা শীর্ষক আলোচনা সভা থেকে এসব আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় আলেমগণ সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে নারীদের ওপর সংঘটিত সহিংসতা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেন। নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তারা।
সভায় নির্বাচনকে ঘিরে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে কিছু স্বঘোষিত আলেমের মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত ফতোয়াকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করা হয়। এসব ফতোয়ার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে সাধারণ মানুষকে বিভ্রান্ত না হতে সতর্ক করা হয় এবং এ বিষয়ে মূলধারার আলেম সমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
দেশের সংবিধান ও রাষ্ট্রনীতির পরিবর্তনের প্রেক্ষাপটে আসন্ন গণভোটে “হ্যাঁ” ভোট দেওয়ার পক্ষে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান আলেমগণ। একইসঙ্গে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিবের জুমার খুতবায় প্রদত্ত বিভ্রান্তিকর ও পক্ষপাতদুষ্ট বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং দায়িত্বশীল আচরণ পালনের আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় দুর্নীতি, জবরদখল ও ভোট ক্রয়-বিক্রয়ের মতো অনৈতিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ১২ ফেব্রুয়ারি এসব অপকর্ম প্রত্যাখ্যান করে ন্যায় ও ইনসাফের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। পাশাপাশি নির্বাচনকালে আইন-শৃঙ্খলা রক্ষা ও সহিংসতা প্রতিরোধে সবাইকে সজাগ থাকার অনুরোধ জানানো হয়।
দেশের শীর্ষস্থানীয় আলেম ও উস্তাজুল আসাতিজা সাইয়েদ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওলাদে রাসূল সৈয়দ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী। সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মসজিদ মিশনের সভাপতি মাওলানা যাইনুল আবেদীন, মাওলানা আব্দুল হালিম, মাওলানা আবু তাহের জিহাদী, মুফতি কাজী মুহাম্মদ ইব্রাহীম, ড. খলিলুর রহমান মাদানীসহ দেশব্যাপী পরিচিত বরেণ্য আলেম ও মাশায়েখগণ।
সভা শেষে আলেম সমাজ দেশের সংহতি, সাংস্কৃতিক মূল্যবোধ ও প্রকৃত ধর্মীয় কণ্ঠ হিসেবে ঐক্যবদ্ধ ও ন্যায়সংগত ভূমিকা পালনের অঙ্গীকার করেন।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন