এ সম্পর্কিত আরও খবর
অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা বিজিবি মহাপরিচালকের
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০০ পিএম
-
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার প্রস্তুতির অংশ হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সাতক্ষীরার শ্যামনগর ও চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করেছেন। এ সময় তিনি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ সমন্বয় সভা করেন।
বিজিবি মহাপরিচালক সকালে সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ এবং দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদায় আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে স্থাপিত নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করেন। উক্ত স্থানে সংশ্লিষ্ট জেলা ও উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পৃথক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পারস্পরিক সমন্বয় এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।
বিজিবি মহাপরিচালক বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ এবং রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ বাহিনী। আমরা নির্বাচনের সময় অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে প্রস্তুত। ভোটাররা যাতে নিরাপদ, শান্তিপূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করবে।” তিনি আরও বলেন, সরকারের, নির্বাচন কমিশন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে।
মহাপরিচালক জানান, দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ নিরাপদ রাখা হয়েছে। দেশজুড়ে ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টিতে মোট ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সাতক্ষীরার শ্যামনগর ও চুয়াডাঙ্গার দামুড়হুদাসহ সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। এছাড়াও দেশের ৩০০টি সংসদীয় আসনে ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে থাকবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স (QRF), র্যাপিড অ্যাকশন টিম (RAT), K-9 ডগ স্কোয়াড, ড্রোন এবং বডি-অন ক্যামেরার ব্যবস্থাও রাখা হয়েছে।
পরিদর্শনকালে মহাপরিচালক বেইজ ক্যাম্পে নিয়োজিত সকল কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, “নির্বাচনের মাত্র দুই দিন বাকি। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তার জন্য সর্বোচ্চ টহল নিশ্চিত করতে হবে। কোনো দুষ্কৃতকারী বা কুচক্রীমহল নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। এজন্য প্রতিটি বিজিবি সদস্যকে পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।”
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন