এ সম্পর্কিত আরও খবর
সরকারের ৯০ শতাংশ লক্ষ্য অর্জিত, তেমন ব্যর্থতা নেই
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৪ পিএম
-
ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকার তার লক্ষ্যমাত্রার ৯০ শতাংশ পূরণ করেছে এবং সরকারের কোনো উল্লেখযোগ্য ব্যর্থতা নেই।
সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক নিয়ে অনুষ্ঠিত প্রেস উইংয়ের শেষ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এতে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহ্মদ।
সরকারের সাফল্য ও ব্যর্থতা সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে, স্বৈরাচার আমলের অপরাধের বিচার চলছে, এবং দেশকে নির্বাচনের পথে নিয়ে আসা হয়েছে। বলিষ্ঠ পররাষ্ট্র নীতি গ্রহণ করা হয়েছে, সাংস্কৃতিক জাগরণ ঘটেছে, ভঙ্গুর অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা হয়েছে এবং দেশের প্রতিটি খাতে সংস্কার আনা হয়েছে। বিচার বিভাগকে স্বাধীন করা হয়েছে। শফিকুল আলমের দাবি, সরকারের অর্জনের ৯০ শতাংশ ইতিমধ্যেই সম্পন্ন।
উপদেষ্টাদের সম্পদ বিবরণী সম্পর্কে তিনি জানান, প্রায় সবাই জমা দিয়েছেন এবং এক বা দুই দিনের মধ্যে তা প্রকাশ করা হবে। প্রধান উপদেষ্টা ভোটের আগে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
নির্বাচনে ভোটের হার নির্ধারণ এখনো সম্ভব নয়, তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে হবে বলে তিনি আশাবাদী।
গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে তিনি জানান, গত ১৮ মাস ধরে মিডিয়া পুরোপুরি নিয়ন্ত্রণমুক্ত ছিল। সকল সংবাদ প্রকাশে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করেছে এবং কোনো মিডিয়া হাউস বন্ধ হয়নি। শেখ হাসিনার আমলে বন্ধ হওয়া কিছু গণমাধ্যম পুনরায় চালু করা হয়েছে এবং গণমাধ্যম খাতে সংস্কার আনা হয়েছে।
পররাষ্ট্রনীতির বিষয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে ফরেন পলিসি আগের তুলনায় অনেক ভালো ও মর্যাদাপূর্ণ হয়েছে। চীন, জাপান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় হয়েছে এবং ইউরোপীয় ইউনিয়ন ১৮ বছর পর পূর্ণাঙ্গ প্রতিনিধি দল পাঠাচ্ছে।
সীমান্ত হত্যা এখনও বন্ধ না হওয়া প্রসঙ্গে তিনি দুঃখ প্রকাশ করেন। তিস্তা ব্যারেজ নিয়ে কাজ চলছে এবং চায়না ফিজিবিলিটি স্টাডি করছে, যা সময় সাপেক্ষ।
ভারতের মিডিয়ার সমালোচনা করে তিনি বলেন, ১৮ মাসে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো না হওয়ার বড় কারণ ছিল মিস ইনফরমেশন ছড়ানো। তিনি দাবি করেন, শেখ হাসিনার সময় দেশের স্থিতিশীলতা ভাঙার চেষ্টা করেছে আওয়ামী লীগ, বাস পুড়ানো, গির্জায় ককটেল হামলা, এবং অর্থ পাচারসহ নানা ষড়যন্ত্র চালানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন