এ সম্পর্কিত আরও খবর
শতাধিক ভিডিওসহ ইসিতে জামায়াতের অভিযোগ : কিছু কেন্দ্রে পুনরায় ভোট দাবি
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪০ পিএম
-
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে অনিয়ম, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং প্রার্থী ও তাদের গাড়িবহরে হামলার অভিযোগ তুলে নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। প্রতিনিধি দলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমসহ ১১ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিস ও এবি পার্টির নেতারা উপস্থিত ছিলেন।
দলটির পক্ষ থেকে সিইসির কাছে শতাধিক ভিডিও ফুটেজ ও বিভিন্ন প্রামাণ্য দলিল জমা দেওয়া হয়। একই সঙ্গে যেসব কেন্দ্রকে তারা ‘বিতর্কিত’ হিসেবে উল্লেখ করেছে, সেসব কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিতের দাবি জানানো হয়েছে।
মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, কুমিল্লা-৮ (বরুড়া) আসনের অন্তত ৩০টি কেন্দ্র থেকে শুরুতেই তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ওই আসনে তাদের প্রার্থী অধ্যক্ষ শফিকুল আলম হেলাল লিখিতভাবে ভোট বন্ধের আবেদন করেছেন। তবে রিটার্নিং কর্মকর্তা কার্যকর কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ করেন তিনি। আবেদনপত্রের কপিও সিইসির কাছে দেওয়া হয়েছে বলে জানান।
এছাড়া টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুয়াপুর) আসনের বেশিরভাগ কেন্দ্র থেকেও তাদের এজেন্টদের সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।
জামায়াত নেতা আরও দাবি করেন, নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনের বেলাব পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তার সহায়তায় জোর করে ব্যালটে সিল মারার ঘটনা ঘটেছে। নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে তাদের প্রার্থীকে হামলা করে রক্তাক্ত করা হয়েছে। ঝালকাঠি, পাথরঘাটা ও পটুয়াখালীর মির্জাগঞ্জেও কেন্দ্র দখল ও সংঘাতের অভিযোগ তোলা হয়। শরীয়তপুরের কয়েকটি আসনে এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা ও হয়রানির কথাও উল্লেখ করা হয়।
এবি পার্টির সদস্য সচিব ও ১১ দলীয় জোটের নেতা মজিবুর রহমান মঞ্জুর গাড়িবহরে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, সুষ্ঠু নির্বাচন ব্যাহত করতেই পরিকল্পিতভাবে এসব হামলা চালানো হয়েছে। সংশ্লিষ্ট ঘটনার ভিডিও ফুটেজ ও বিভিন্ন সংবাদ লিংক কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন