এ সম্পর্কিত আরও খবর
যে কারণে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৩ এএম
-
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব নীরবে দেশ ছেড়েছেন। দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তির পর আর্থিক ক্ষতি ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি বিদেশে গেছেন বলে জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ১৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ পোস্টে তিনি অবস্থান ব্যাখ্যা করেন।
পোস্টে ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ৮, ৯ ও ১০ ফেব্রুয়ারি তিনি আইসিটি বিভাগ, পিটিডি ও বিটিআরসি থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। নির্বাচনের দায়িত্বও যথাযথভাবে পালন করেছেন বলে দাবি করেন তিনি। প্রযুক্তিনির্ভর নির্বাচনী আয়োজনের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথাও উল্লেখ করেন। ১০ ফেব্রুয়ারি ছিল তার শেষ কর্মদিবস। সেদিন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদায়ী নৈশভোজে অংশ নেন এবং সহকর্মীরা গান গেয়ে তাকে বিদায় জানান বলেও জানান তিনি।
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও কটূক্তির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, কোনো আত্মমর্যাদাসম্পন্ন ও সৎ ব্যক্তিকে অসম্মানজনক মন্তব্য করার আগে তথ্য যাচাই করা উচিত। দায়িত্ব পালন করতে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সঞ্চয় শেষ হয়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি। বিদায়ের সময় এক সহকর্মী ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে দ্রুত একটি চাকরি খুঁজতে হবে বলে জানিয়েছেন বলেও লেখেন।
দ্রুত দেশ ছাড়ার কারণ হিসেবে তিনি বলেন, ছেলের স্কুলে প্যারেন্টস মিটিং এবং স্ত্রীর চিকিৎসাজনিত জরুরি প্রয়োজন রয়েছে। যথাযথভাবে ছুটি নিয়েই পরিবারের কাছে যাচ্ছেন বলে জানান। রিটার্ন টিকিট কাটা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। দীর্ঘ সময় পরিবারকে সময় দিতে না পারায় এখন কিছুটা সময় দিতে চান বলেও জানান।
পোস্টের পুনশ্চ অংশে তিনি দাবি করেন, দায়িত্ব পালনের সময় একটি দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয়ে নতুন ব্যবস্থাপনা, প্রযুক্তি ও স্বচ্ছতা আনার চেষ্টা করেছেন। পুরোনো আইন ও নীতিমালা সংস্কারে কাজ করেছেন বলেও জানান। আল্লাহকে সাক্ষী রেখে তিনি বলেন, কোনো ধরনের দুর্নীতির সঙ্গে তিনি জড়িত নন। মোবাইল ব্যবসায়ী ও টেলিকমসংশ্লিষ্ট কিছু গোষ্ঠী তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে বলেও অভিযোগ করেন।
সবশেষে সবার কাছে দোয়া কামনা করেন তিনি।
এর আগে শনিবার সকাল ১০টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে জার্মানির উদ্দেশে দেশ ছাড়েন ফয়েজ আহমদ তৈয়্যব।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন