এ সম্পর্কিত আরও খবর
জাল নোট প্রতিরোধে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৬ পিএম
-
ছবি: সংগৃহীত
কেন্দ্রীয় ব্যাংক সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বাজারে আসল টাকার আদলে তৈরি ‘নমুনা নোট’ বা কাগজ ব্যবহার করে বিভিন্ন প্রচারণা পরিচালনার বিষয়ে সতর্কতা জারি করেছে। ব্যাংক জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড আইনত দণ্ডনীয় এবং এর ফলে বাজারে জাল নোটের ঝুঁকি বেড়ে যায়।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও ও ছবি দেখা যাচ্ছে যেখানে আসল নোটের ডিজাইন ও আকারের সঙ্গে মিল রেখে বড় আকারের ‘নমুনা নোট’ ব্যবহার করে মার্কেটিং প্রচারণা বা কন্টেন্ট তৈরি করা হচ্ছে। এছাড়া, বাজার বা উন্মুক্ত স্থানে আসল টাকার আদলে তৈরি কাগজ ব্যবহার করে ব্যবসায়িক প্রচারণা চালানোর ঘটনাও লক্ষ্য করা গেছে। এমন কর্মকাণ্ড জাল নোটের প্রচলন বাড়াতে সহায়ক এবং সামগ্রিক মুদ্রা ব্যবস্থাপনার জন্য হুমকি সৃষ্টি করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আসল নোটের সদৃশ কাগজ তৈরি, ব্যবহার বা প্রচারণার কাজে দেখানো আইনত দণ্ডনীয়। বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০ এর ধারা ৪৮৯(ঙ) অনুযায়ী, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি এমন নথি, কাগজ বা বস্তু তৈরি, ব্যবহার বা বিতরণ করে যা প্রচলিত ব্যাংক নোটের সদৃশ এবং বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, তবে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। পাশাপাশি, ডিজিটাল মাধ্যমে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হলে সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ এর ধারা ২৫ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।
জনসাধারণকে জাল নোট প্রতিরোধে সতর্ক থাকার পাশাপাশি এমন বিভ্রান্তিকর কন্টেন্ট তৈরি ও অনুমোদনহীন কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মূল উদ্দেশ্য হলো – আসল নোট চিনুন এবং নিরাপদ লেনদেন নিশ্চিত করুন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন