এ সম্পর্কিত আরও খবর
রমজান উপলক্ষে নতুন সময়সূচিতে অফিস-আদালত-ব্যাংক
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৪ এএম
-
ছবি: সংগৃহীত
হিজরি ১৪৪৭ সনের পবিত্র রমজান মাস শুরু হয়েছে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে। চাঁদ দেখার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আনুষ্ঠানিক ঘোষণা আসে। রমজান উপলক্ষে আজ থেকেই সরকারি অফিস, আদালত ও ব্যাংকে নতুন সময়সূচি কার্যকর হয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের পর সেহরি ও ইফতারের সময় বিবেচনায় নিয়ে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময় নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রমজানজুড়ে সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি আগের মতোই শুক্র ও শনিবার। এর আগে অফিস সময় ছিল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
এদিকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রশাসন গত ১১ ফেব্রুয়ারি রমজানে নিম্ন আদালতের সময়সূচি নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার থেকে বৃহস্পতিবার আদালতের কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত। অফিস সময় থাকবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। উভয় ক্ষেত্রেই দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। সুপ্রিম কোর্ট ও এর অধীন অন্যান্য আদালতের সময়সূচি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আলাদাভাবে ঠিক করেছে।
রমজানকে সামনে রেখে দেশের ব্যাংকগুলোর সময়সূচিও পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক। ১০ ফেব্রুয়ারি জারি করা সার্কুলার অনুযায়ী, সব তফসিলি ব্যাংক সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এই সময়েও বিকল্প ব্যবস্থায় গ্রাহকসেবা ও লেনদেন চালু রাখতে হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান নিজ নিজ আইন ও বিধি অনুযায়ী জনস্বার্থ বিবেচনায় সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।
রমজানে দেশের শেয়ারবাজারে লেনদেন শুরু হবে সকাল ১০টা থেকে, চলবে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত। এরপর ১০ মিনিটের পোস্ট-ক্লোজিং অধিবেশন অনুষ্ঠিত হবে দুপুর ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন