এ সম্পর্কিত আরও খবর
১০ লাখ পরিবারকে সুলভমূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৫ এএম
-
ছবি: সংগৃহীত
মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, তারেক রহমান–এর নেতৃত্বে জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকারের অংশ হিসেবে পবিত্র রমজান মাসে নিম্নআয়ের মানুষের জন্য সুলভমূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় দুধ, ডিম, মাংস ও মাছ সরবরাহ করা হবে। সারা দেশে প্রায় ১০ লাখের বেশি পরিবারকে এই সুবিধার মধ্যে আনার পরিকল্পনা রয়েছে। এতে বাজারে দামের ওপর ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ ভোক্তারাও উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার সকালে মহাখালীতে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে রমজান উপলক্ষে সুলভমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জাতির কাছে যে অঙ্গীকার করেছেন, তা বাস্তবায়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া সম্ভব।
তিনি আরও বলেন, রমজানে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়ালে নিম্নআয়ের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হন। সরকারের এ উদ্যোগ তাদের কষ্ট লাঘবে সহায়ক হবে। ভবিষ্যতে এই কর্মসূচি আরও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে।
নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও সমন্বিত টিমওয়ার্কের ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।
বক্তব্যে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান–এর অবদানের কথা উল্লেখ করে বলেন, তিনি জনগণের কল্যাণে কাজ করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। দেশনেত্রী খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেছেন এবং অন্যায়ের কাছে মাথা নত করেননি।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল–এর সভাপতি মশিউর রহমান এবং বাংলাদেশ ক্যাটল অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশন–এর সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন। এছাড়া মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন