এ সম্পর্কিত আরও খবর
আজ বিশ্ব মাতৃভাষা দিবস
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৬ এএম
-
ছবি: সংগৃহীত
মাতৃভাষার প্রতি মানুষের টান স্বাভাবিক এবং গভীর। নিজের ভাষায় মনের ভাব প্রকাশের যে স্বাচ্ছন্দ্য, গল্প ও অনুভূতি ভাগ করে নেওয়ার যে সহজতা, তা অন্য কোনো ভাষায় পাওয়া কঠিন। তাই প্রত্যেক মানুষই নিজের মাতৃভাষাকে শ্রেষ্ঠ বলে মনে করে। কবি ও সাহিত্যিকদের লেখায়ও এই আবেগের প্রতিফলন স্পষ্ট।
মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদ তাঁর ‘মাতৃভাষা’ কবিতায় লিখেছেন, “হাজার সুরে, হাজার ভাষায় এই দুনিয়া ঘেরা, আর মাতৃভাষা বাংলা আমার সকল ভাষার সেরা।” প্রাচীন কবি রামনিধি গুপ্ত প্রশ্ন তুলেছিলেন, “বিনে স্বদেশী ভাষা, মিটে কি আশা?” আবার মাতৃভাষার প্রতি গভীর আকুলতা প্রকাশ করে মাইকেল মধুসূদন দত্ত তাঁর ‘বঙ্গভাষা’ কবিতায় লিখেছেন, “বহু দেশ দেখিয়াছি বহু নদ-দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে?”
আমরা বাংলাদেশি, আমাদের ভাষা বাংলা। এই ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হয়েছে রক্তের বিনিময়ে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি (৮ ফাল্গুন) আবুল বরকত, আবদুল জব্বার, আবদুস সালাম, রফিক উদ্দিন আহমদ ও শফিউর রহমানসহ অনেকে প্রাণ উৎসর্গ করেন। তাঁদের আত্মত্যাগের মাধ্যমেই বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি পায়। সেই ত্যাগের স্মরণে আজ পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেসকো এ বছরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে, “ইয়ুথ ভয়েসেস অন মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন”।
বাংলাদেশে দিবসের কর্মসূচি শুরু হয় শুক্রবার রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে। একুশের প্রথম প্রহরে সেখানে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। কূটনীতিক ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন