এ সম্পর্কিত আরও খবর
আজ পিলখানা হত্যাকাণ্ডের ১৭ বছর
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৩ এএম
-
ছবি: সংগৃহীত
আজ ২৫ ফেব্রুয়ারি, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের ১৭ বছর পূর্ণ হলো। ওই বছরের এই দিনে তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর)-এর সদর দপ্তর পিলখানায় শুরু হয় দুই দিনব্যাপী ভয়াবহ হত্যাযজ্ঞ। বর্বরোচিত ওই ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন প্রাণ হারান। দেশের ইতিহাসে এটি এক নির্মম ও কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে।
দিনটি উপলক্ষে আজ পালিত হচ্ছে ‘জাতীয় শহীদ সেনা দিবস’। গত বছর থেকে রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালন শুরু হয়েছে। শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণ, তাদের রুহের মাগফিরাত কামনা এবং পরিবারের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানাতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এক বাণীতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, ২৫ ফেব্রুয়ারি জাতির জন্য শোকাবহ একটি দিন। ২০০৯ সালের এই দিনে পিলখানায় যে হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল, তা দেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক বেদনাদায়ক অধ্যায়।
প্রধানমন্ত্রী আরও বলেন, দীর্ঘ সময় ধরে দিনটি যথাযথ গুরুত্বে পালন করা হয়নি। ২০২৪ সালে দেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ার পর থেকে এটি ‘শহীদ সেনা দিবস’ হিসেবে পালিত হচ্ছে। তিনি উল্লেখ করেন, পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া চলমান থাকায় বিচারাধীন বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সমীচীন নয়। তবে এ ঘটনার পেছনে দেশ ও জনগণের স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী একটি স্বাধীন দেশের সম্মান, বীরত্ব ও গৌরবের প্রতীক। ভবিষ্যতে যেন আর কেউ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
শেষে তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর প্রত্যয়ই হোক শহীদ সেনা দিবসের অঙ্গীকার।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন