এ সম্পর্কিত আরও খবর
নরসিংদীতে বিএসটিআইয়ের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা, মেয়াদোত্তীর্ণ রং জব্দ ও ধ্বংস
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫২ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
শান্ত বণিক, নরসিংদী: পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার করতে নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যরং জব্দ করে লোকসম্মুখে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নরসিংদী বিএসটিআই আঞ্চলিক কার্যালয় ও পলাশ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়- মেসার্স সুমন মিষ্টান্ন ভান্ডার, চরসিন্দুর, পলাশে মিষ্টি ও দই তৈরিতে বিএসটিআই লাইসেন্সবিহীন এবং মেয়াদোত্তীর্ণ রং ব্যবহার করায় ‘বিএসটিআই আইন, ২০১৮’-এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ রং জব্দ করে তা জনসম্মুখে ধ্বংস করা হয়। মেসার্স নিখিল সুইটমিটে পণ্য মোড়কজাতকরণ সনদ ছাড়াই ফারমেন্টেড মিল্ক বিক্রি করায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর সংশ্লিষ্ট ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে মেসার্স বিজয় মিষ্টির দোকানকেও ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে মেসার্স হাবিবুল্লাহ ফল বিতান ও মেসার্স জাকির ফল ভান্ডারের মৌসুমি ফলে ক্ষতিকর রাসায়নিক ফরমালিনের উপস্থিতি পরীক্ষা করে তা ফরমালিনমুক্ত পাওয়া যায়। এছাড়া মাছের বাজারে রুই ও ইলিশ মাছেও ফরমালিন পরীক্ষায় কোনো উপস্থিতি পাওয়া যায়নি। মেসার্স আনোয়ার স্টোরের ইফতারি সামগ্রীর দোকানে ওজনযন্ত্র পরীক্ষা করে তা সঠিক পাওয়া গেছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন, পলাশের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকীন মাশরুর খান। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয় নরসিংদীর ফিল্ড অফিসার (সিএম) মোহাম্মদ পারভেজ মিয়া এবং পরিদর্শক (মেট্রোলজি) মো. আরিফ হোসেন আসিফ। কেমিক্যাল পরীক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন মোহাম্মদ পারভেজ মিয়া।
বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, রমজান মাসে ভোক্তাদের ক্রয় ও পরিমাপে স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন