এ সম্পর্কিত আরও খবর
আজ থেকে শুরু অমর একুশে বইমেলা
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৪ এএম
-
ছবি: সংগৃহীত
নানা জটিলতা ও তারিখ পরিবর্তনের পর অবশেষে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা-২০২৬। ভাষার মাস ফেব্রুয়ারি ঘিরে আলোচনা-সমালোচনা থাকলেও শেষ পর্যন্ত ২৬ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত মেলার সময় নির্ধারণ করা হয়েছে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রথমে নির্বাচন ও রমজানের কারণে ডিসেম্বর-জানুয়ারিতে মেলা আয়োজনের ঘোষণা দেওয়া হলেও প্রকাশকদের দাবির মুখে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। পরে লেখক-প্রকাশক ও ছাত্রনেতাদের নিয়ে গঠিত কমিটির বৈঠকে ফেব্রুয়ারিতে মেলা আয়োজনের সিদ্ধান্ত আসে। ১ ফেব্রুয়ারি মেলা শুরু না হওয়ায় একাংশ প্রতীকী কর্মসূচিও পালন করে। শেষ পর্যন্ত স্টল ফি মওকুফসহ কয়েকটি শর্ত মেনে চূড়ান্ত সূচি নির্ধারণ করা হয়।
এ বছর সরকারি-বেসরকারি মিলিয়ে ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে মোট ১,০১৮টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। লিটলম্যাগ ও শিশুচত্বরেও থাকছে উল্লেখযোগ্য অংশগ্রহণ। ইতোমধ্যে স্টল নির্মাণ প্রায় শেষ, প্রকাশকরা নিজ নিজ স্টল সাজাতে ব্যস্ত।
রমজান মাস উপলক্ষে ইফতার, নামাজ ও অজুর বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। রাত সাড়ে ৮টার পর প্রবেশ বন্ধ থাকবে।
নিরাপত্তায় তিন স্তরের ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক মনিটরিং, সাদা পোশাকের টিম, ডিবি, সিটিটিসি ও সোয়াট প্রস্তুত থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ, নির্ধারিত পার্কিং এবং সময়ভিত্তিক সড়ক ব্যবস্থাপনাও রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন