এ সম্পর্কিত আরও খবর
পদ্মা-মেঘনাসহ ছয়টি নদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৯ এএম
-
ছবি: সংগৃহীত
ইলিশের পোনা বা জাটকা রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ ছয়টি নদীতে দুই মাসের জন্য সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হচ্ছে। আজ শনিবার রাত ১২টার পর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
এই সময় চাঁদপুরের চরাঞ্চল অধ্যুষিত মতলব উত্তর উপজেলার ৯ হাজার ১০০ জেলের প্রত্যেককে চার কিস্তিতে মোট ১৬০ কেজি করে চাল দেবে সরকার। তবে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করলে এক থেকে দুই বছরের কারাদণ্ড, সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।
ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিত করতে ২০০৬ সাল থেকে প্রতি বছর মার্চ ও এপ্রিল মাসে নদীতে মাছ শিকার বন্ধ রাখা হয়। এই নিষেধাজ্ঞার আওতায় মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে আমিরাবাদ বাজার পর্যন্ত ৩০ কিলোমিটার এবং হাইমচরের চরভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় মাছ ধরা, জাল ফেলা, মাছ কেনাবেচা, মজুত ও পরিবহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
এই দুই মাস উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ-পুলিশ, কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে নিয়মিত অভিযান পরিচালনা করবে।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ইলিশ গবেষক ড. আনিসুর রহমান বলেন, ইলিশ উৎপাদন বাড়াতে শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়। জাটকা রক্ষার পাশাপাশি জেলেদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না করলে এই উদ্যোগ দীর্ঘমেয়াদে কার্যকর হবে না।
মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস জানান, জাটকা ও মা ইলিশ রক্ষায় কঠোর অভিযান চালানো হবে। এ সময় অসাধু জেলেরা যেন নদীতে নামতে না পারেন, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি জেলেদের ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমও শুরু হবে।
মতলব উত্তরের মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, জেলেদের মধ্যে সচেতনতামূলক সভা করা হয়েছে। এরপরও কেউ আইন অমান্য করলে মৎস্য আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার ও টাস্কফোর্স কমিটির সভাপতি মাহমুদা কুলসুম মনি বলেন, অভিযান চলাকালে নদীতে নামলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় সম্পদ রক্ষায় সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন