এ সম্পর্কিত আরও খবর
জুলাই যোদ্ধাদের সুরক্ষা দেওয়ার অধ্যাদেশ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৬:৪৯ পিএম
-
ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, পুলিশ হত্যার বিচার নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী কী বলেছেন সে বিষয়ে তিনি অবগত নন এবং তিনি এমন কোনো মন্তব্য করেননি। তিনি জানান, জুলাই ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারীদের সুরক্ষা দেওয়ার জন্য ইতিমধ্যে অধ্যাদেশ জারি করা হয়েছে। জুলাই সনদেও এ বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত হয়েছে এবং সরকার সেই নীতিতেই কাজ করছে।
রোববার (১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তার জন্য সেনাবাহিনী মাঠে ছিল। সশস্ত্র বাহিনীর মাঠে থাকার বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, বাহিনীও দীর্ঘ সময় মাঠে থাকতে চায় না। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করেই তাদের প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
র্যাব বিলুপ্তি বা নাম পরিবর্তনের বিষয়েও বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। এ ছাড়া অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি জানান, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। প্রতিবেশী দেশ হিসেবে দুই দেশের মধ্যে যাতায়াত ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। নিরাপত্তা বিষয়েও আলোচনা হয়েছে। পারস্পরিক সম্মানের ভিত্তিতে বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে এবং সীমান্তে হত্যা বন্ধে জোর দেওয়া হয়েছে। ভারত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। পর্যায়ক্রমে টুরিস্ট ভিসার সংখ্যা বাড়ানো হবে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, সংসদের প্রথম অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশ ও একটি আদেশ উত্থাপন করা হবে। কোনগুলো গৃহীত হবে, কোন অংশ সংশোধন বা বাতিল হবে, তা সংসদে সিদ্ধান্ত হবে।
এ ছাড়া ফায়ার সার্ভিসের বিভিন্ন প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের পর নিরাপত্তা জোরদারের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রতিটি উপজেলায় ফায়ার সার্ভিস অফিস স্থাপনের পরিকল্পনা রয়েছে এবং নতুন নিয়োগ দেওয়ার কথাও বলেন তিনি। অতীতে এ খাতে দুর্নীতির অভিযোগ ছিল বলেও মন্তব্য করেন মন্ত্রী।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন