এ সম্পর্কিত আরও খবর
মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে- পররাষ্ট্রমন্ত্রী
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১০:১৭ পিএম
-
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, সংকটপূর্ণ ওই অঞ্চলে অবস্থানরত বাংলাদেশিদের স্বার্থ সুরক্ষা করাই সরকারের প্রথম দায়িত্ব। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাস ও কর্মরত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, দেশের নাগরিকরা যে পক্ষেই থাকুক না কেন, কেউ ক্ষতিগ্রস্ত হলে সরকার তাদের পাশে থাকবে। জাতীয় স্বার্থের কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশের মানুষ।
সংকটের শুরু থেকেই প্রবাসী বাংলাদেশিদের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান পরিস্থিতি নিয়ে কুয়েত, বাহরাইন ও কাতারের শীর্ষ কূটনীতিকদের সঙ্গে তার কথা হয়েছে। আলোচনায় সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। সংশ্লিষ্ট দেশগুলো তাদের নিরাপত্তা বিষয়ে আশ্বস্ত করেছে বলেও জানান তিনি।
তিনি আশা প্রকাশ করেন, আর কোনো বাংলাদেশি যেন সংঘাতের শিকার না হন। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।
যুদ্ধ বা সংঘাত কখনও স্থায়ী সমাধান বয়ে আনে না উল্লেখ করে তিনি সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে দ্রুত শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান।
বর্তমান পরিস্থিতিতে সাময়িকভাবে আটকে পড়া সম্ভাব্য অভিবাসী কর্মীদের বিষয়ে তিনি বলেন, এ নিয়ে প্রয়োজনীয় আলোচনা হয়েছে। আকাশপথ স্বাভাবিক হলে তাদের যাত্রার ব্যবস্থা করা হবে।
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান পরিস্থিতি এবং এর প্রভাব— বিশেষ করে বিমান চলাচল, প্রবাসী কল্যাণ ও আঞ্চলিক নিরাপত্তা— পর্যালোচনায় এই আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন