এ সম্পর্কিত আরও খবর
গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ১২:০৯ পিএম
-
ছবি: সংগৃহীত
গণভোট অধ্যাদেশ ও ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়ন সংক্রান্ত আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার সকাল ১১টার দিকে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম শাহীনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল দেন।
এর আগে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর কার্যক্রম স্থগিত চেয়ে করা রিটের শুনানির জন্য ১ মার্চ দিন ধার্য করা হয়েছিল। রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পর বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের বেঞ্চ ওই তারিখ নির্ধারণ করেন।
১৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. দোলোয়ার হোসেন খান।
পটভূমিতে বলা হয়, ২০২৪ সালের জুলাইয়ে গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। পরবর্তী সময়ে গঠিত অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার উদ্যোগ নেয়। সেই ধারাবাহিকতায় গত বছরের ১৭ অক্টোবর স্বাক্ষরিত হয় ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’, যা সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ঐকমত্যভিত্তিক একটি রাজনৈতিক দলিল হিসেবে উপস্থাপিত হয়।
রিটে আবেদনকারী দাবি করেন, ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক-এ মর্মে রুল জারি করা হোক এবং রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এর কার্যক্রম স্থগিত রাখা হোক।
আবেদনে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার এই সনদের অধীনে যে গণভোট আয়োজন করেছে, তা অসাংবিধানিক ও অবৈধ। গণভোট আয়োজন সংবিধানের ৬৫, ১২৩ (৩) ও (৪) এবং ৩১ অনুচ্ছেদের পরিপন্থি এবং আরপিওর ১১ অনুচ্ছেদের বিরোধী বলেও উল্লেখ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন