এ সম্পর্কিত আরও খবর
বিদ্যুৎ সাশ্রয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০২:২১ পিএম
-
ছবি: সংগৃহীত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার লক্ষ্যে সচিবালয়ে নিজের দপ্তরের অর্ধেক লাইট বন্ধ করে এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা কমিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে দেশের সব মন্ত্রণালয়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের প্রতি বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৫মার্চ) সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
তিনি বলেন, সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজের দপ্তরে প্রবেশ করেন। অফিসে ঢুকেই তিনি নিজের কক্ষের ৫০ শতাংশ লাইটের সুইচ বন্ধ করে দেন এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ দশমিক ১ ডিগ্রিতে নির্ধারণ করেন। এই মাত্রায় রাখলে বিদ্যুৎ খরচ তুলনামূলকভাবে কম হয়।
আতিকুর রহমান রুমন আরও বলেন, শুধু নিজের কক্ষেই নয়, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে অংশ নিতে মন্ত্রিপরিষদ কক্ষে প্রবেশ করার পর সেখানেও অপ্রয়োজনীয় লাইট বন্ধ করতে এবং এসির তাপমাত্রা কমিয়ে রাখতে নির্দেশ দেন।
সচিবালয়ের ১ নম্বর ভবনে প্রধানমন্ত্রীর দপ্তর অবস্থিত। এই ভবনে মন্ত্রিপরিষদ বিভাগসহ প্রধানমন্ত্রীর অধীনস্থ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ কার্যক্রম পরিচালনা করে থাকে।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রীর এই ব্যতিক্রমী উদ্যোগের পর তার দপ্তরের সব কক্ষে তাৎক্ষণিকভাবে অর্ধেক লাইট বন্ধ করা হয় এবং এসির তাপমাত্রা কমিয়ে আনা হয়।
প্রধানমন্ত্রী সচিবালয়ের সব মন্ত্রণালয় ছাড়াও সারা দেশের সরকারি অফিস-আদালত, বেসরকারি ভবন, শপিং মল ও বিপণিবিতানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।
এ ছাড়া দিনের বেলায় অপ্রয়োজনীয় লাইট ব্যবহার না করে অফিস বা বাসাবাড়ির জানালার পর্দা সরিয়ে প্রাকৃতিক সূর্যালোক ব্যবহারের পরামর্শও দিয়েছেন প্রধানমন্ত্রী।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন