এ সম্পর্কিত আরও খবর
বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৮:৩৮ পিএম
-
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি জাকির হোসেনের একক নির্বাচনি ট্রাইব্যুনাল বেঞ্চ বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণের করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী অ্যাডভোকেট হাসানুল আলম।
আদালতে কপিল কৃষ্ণের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গাজী মোস্তাক। এ সময় তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট হাসানুল আলম।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মশিউর রহমান ১ লাখ ১৭ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কপিল কৃষ্ণ পান ১ লাখ ১৪ হাজার ৫৯০ ভোট। চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট—এই তিন উপজেলা নিয়ে গঠিত আসনটিতে মোট ভোটকেন্দ্র ছিল ১৪৭টি।
ফল ঘোষণার পর কয়েকটি কেন্দ্রের ফলাফল নিয়ে আপত্তি তুলে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেন বিএনপি প্রার্থী কপিল কৃষ্ণ। সেখানে প্রতিকার না পেয়ে তিনি হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে ভোটের ফল চ্যালেঞ্জ করে আবেদন করেন। ওই আবেদনের শুনানি শেষে আদালত ভোট পুনর্গণনার নির্দেশ দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে তিনটিতে জয় পায় জামায়াতে ইসলামী। এর মধ্যে বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে শেখ মঞ্জুরুল হক রাহাদ এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে আব্দুল আলিম জয়ী হন। অন্যদিকে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে বিএনপির শেখ ফরিদুল ইসলাম ধানের শীষ প্রতীকে বিজয়ী হন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন