এ সম্পর্কিত আরও খবর
পুলিশের আজান-কেরাত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০৫:১১ পিএম
-
ছবি: সংগৃহীত
বাংলাদেশ পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে এ অনুষ্ঠান হয়।
পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর (অতিরিক্ত আইজি) কাজী মো. ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইজিপি মো. আলী হোসেন ফকির। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ এবং বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
আইজিপি বলেন, পুলিশ সদস্যদের জীবনে ধর্মীয় অনুশাসন লালনের মাধ্যমে নৈতিকতা ও সদাচরণ গড়ে তুলতে হবে। ইসলাম শান্তির ধর্ম। আর পুলিশ সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করে থাকেন।
এ সময় আইনি সুরক্ষা, ন্যায়বিচার ও সদাচরণের মাধ্যমে জনগণকে সেবা দেওয়ার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান মো. আলী হোসেন ফকির।
পুলিশপ্রধান এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে তিনি বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতায় আজানে চট্টগ্রাম জেলার কনস্টেবল মো. মনিরুল ইসলাম প্রথম, ৩ এপিবিএনের নায়েক আবু মুসা দ্বিতীয় এবং রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এএসআই (সশস্ত্র) মো. ওমর ফারুক তৃতীয় হয়েছেন।
কেরাতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের লিনেন কিপার মো. আব্দুল আউয়াল প্রথম, ৩ এপিবিএনের নায়েক আবু মুসা দ্বিতীয় এবং ময়মনসিংহ রেঞ্জ অফিসের কনস্টেবল আরিফুল ইসলাম তৃতীয় হয়েছেন।
হামদ ও নাতে ১১ এপিবিএনের কনস্টেবল নাদিয়া নাছরিন নূপুর প্রথম, চাঁপাইনবাবগঞ্জ জেলার নায়েক মো. রাকিবুল ইসলাম দ্বিতীয় ও বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) কনস্টেবল এস এম মশিউর রহমান তৃতীয় হয়েছেন।
‘নাগরিক হয়রানি বন্ধে ইসলাম’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার কনস্টেবল জুনায়েদ বিন মর্তুজ প্রথম, ৪ এপিবিএনের কনস্টেবল আ ম মো. উমর ফারুক বায়েজিদ দ্বিতীয় ও রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কনস্টেবল মোছা. এসমোতারা খাতুন তৃতীয় হয়েছেন।
পুলিশের বিভিন্ন ইউনিটে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীরা ঢাকায় চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন