এ সম্পর্কিত আরও খবর
পেট্রোল পাম্পে তেল নিতে দেখাতে হবে রসিদ
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০৭:০৩ পিএম
-
ছবি: সংগৃহীত
দেশেও জ্বালানি তেলের সংকট তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। যানবাহন-মালিকরা আতঙ্কিত হয়ে ফিলিং স্টেশনে ভিড় করছেন এবং অতিরিক্ত তেল কিনছেন। বিষয়টি সমন্বয় করার জন্য নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
নির্দেশনায় উল্লেখ করা হয়, পেট্রোল পাম্প (ফিলিং স্টেশন) থেকে তেল নেওয়ার সময় তেলের ধরন, পরিমাণ ও দাম উল্লেখ করে রসিদ দিতে হবে এবং প্রতিবার তেল কেনার সময় ভোক্তাকে আগের রসিদ দেখাতে হবে।
শুক্রবার (৬ মার্চ) বিপিসির দেওয়া নির্দেশনায় আরও বলা হয়, একটি মোটরসাইকেলে দিনে দুই লিটার পেট্রল বা অকটেন নিতে পারবে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে নেওয়া যাবে ১০ লিটার তেল।
এ ছাড়া স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল বা এসইউভি (যা জিপ নামে পরিচিত) ও মাইক্রোবাস দিনে পাবে ২০ থেকে ২৫ লিটার তেল। পিকআপ বা লোকাল বাস দিনে ডিজেল নিতে পারবে ৭০ থেকে ৮০ লিটার। আর দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ডভ্যান বা কনটেইনার ট্রাক দৈনিক ২০০ থেকে ২২০ লিটার তেল নিতে পারবে।
বিপিসি আরও বলেছে, ডিলারেরা বরাদ্দ ও ভোক্তার ক্রয় রসিদ গ্রহণ করে তেল সরবরাহ করবে। ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেলের মজুত ও বিক্রির তথ্য ডিপোতে প্রদান করে জ্বালানি তেল গ্রহণ করবে।
ডিলারদের জ্বালানি তেল সরবরাহের আগে বর্তমান বরাদ্দ ও মজুতের তথ্য পর্যালোচনা করে সরবরাহ করা হবে এবং কোনো অবস্থায় বরাদ্দের চেয়ে বেশি তেল দেওয়া যাবে না বলেও উল্লেখ করেছে বিপিসি।
এদিকে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে এবং আতঙ্কিত না হতে আহ্বান জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর পরীবাগের একটি পেট্রোল পাম্প পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। অযথা উদ্বিগ্ন হয়ে কেউ তেল মজুত করবেন না, এতে বাজারে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। গুজবে কান দেবেন না। যার যতটুকু প্রয়োজন, তিনি ততটুকুই তেল কিনবেন। জ্বালানি তেলের সরবরাহ ও মজুত নিশ্চিত রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিয়েছে।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দীর্ঘমেয়াদে যাতে দেশে জ্বালানির সংকট না হয়, সেজন্য রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন