এ সম্পর্কিত আরও খবর
ঐতিহাসিক ৭ মার্চ আজ
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ১১:২৮ এএম
-
ছবি: সংগৃহীত
আজ ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে দিনটি বিশেষ তাৎপর্য বহন করে। ১৯৭১ সালের এই দিনে ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দান, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান এ জাতির জনক শেখ মুজিবুর রহমান তাঁর ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। প্রায় ১৮ মিনিটের সেই ভাষণে তিনি বাঙালির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পটভূমি তুলে ধরেন এবং দেশবাসীর করণীয় সম্পর্কে সুস্পষ্ট দিকনির্দেশনা দেন। এই ভাষণ মুক্তিযুদ্ধে অংশ নেওয়া মুক্তিসেনাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে।
১৯৪৭ সালে ধর্মীয় ভিত্তি ও দ্বি-জাতিতত্ত্বের ওপর প্রতিষ্ঠিত পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে দীর্ঘ ২৩ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতিসত্তা, জাতীয়তাবোধ এবং একটি স্বাধীন রাষ্ট্রের ভিত্তি গড়ে ওঠে। সেই ধারাবাহিকতায় ১৯৭১ সালের উত্তাল মার্চের ৭ তারিখ বিকেলে লাখো মানুষের উপস্থিতিতে ভাষণ দেন শেখ মুজিবুর রহমান। সেই ভাষণেই তিনি ঘোষণা করেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।”
সেদিন ঢাকার রাজপথ ছিল মানুষের ঢল। দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ ছুটে এসেছিল বঙ্গবন্ধুর ভাষণ শুনতে। নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর। ৭ মার্চের এই ভাষণকে বিশ্বের কালজয়ী ভাষণগুলোর অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো ঐতিহাসিক এই ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি দেয়।
মুক্তিযুদ্ধ জাদুঘরের তথ্য অনুযায়ী, ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার বেতার কেন্দ্র থেকে শেখ মুজিবুর রহমানের ভাষণ সরাসরি সম্প্রচার না করার প্রতিবাদে বেতারে কর্মরত বাঙালি কর্মচারীরা কাজ বর্জন করেন। বিকেল থেকেই ঢাকা বেতার কেন্দ্রের সব অনুষ্ঠান প্রচার বন্ধ হয়ে যায়। পরে গুরুত্বপূর্ণ এই ভাষণ প্রচারের ঘোষণা দেওয়া হলে সারা বাংলায় মানুষ রেডিও সেট নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন। তবে শেষ মুহূর্তে সামরিক কর্তৃপক্ষের নির্দেশে ভাষণ সম্প্রচার বন্ধ করে দেওয়া হলে বেতার কেন্দ্র কার্যত অচল হয়ে পড়ে। অবশেষে গভীর রাতে সামরিক কর্তৃপক্ষ ভাষণের পূর্ণ বিবরণ প্রচারের অনুমতি দিলে ঢাকা বেতার কেন্দ্র আবার চালু হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন