এ সম্পর্কিত আরও খবর
জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৪:৪০ পিএম
-
ছবি: সংগৃহীত
জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করা এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধের উদ্দেশ্যে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সোমবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেট পরিবীক্ষণ শাখা থেকে দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) এই নির্দেশনা পাঠানো হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নাহিদা আক্তার তানিয়ার স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি না হওয়া নিশ্চিত করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, তেলের অবৈধ মজুত গড়ে তোলা বন্ধ করা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি প্রতিহত করা এবং খোলা বাজারে তেল বিক্রি ও পাচার রোধে কড়া নজরদারি করার মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ গত ৮ মার্চ একটি সূত্রের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনার জন্য অনুরোধ জানায়। জনস্বার্থে এবং তেলের সরবরাহ অব্যাহত রাখতে সেই অনুরোধের ভিত্তিতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ নির্দেশনার পর সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে জেলা প্রশাসকদের তদারকিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বাজার মনিটরিং এবং মোবাইল কোর্ট পরিচালনা শুরু করবেন। নির্দেশনায় জোর দেওয়া হয়েছে, জনস্বার্থে এই কার্যক্রম দ্রুত কার্যকর করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন