এ সম্পর্কিত আরও খবর
কামরুলের হাসপাতালে চাঁদাবাজির মামলায় চার আসামি ৪ দিনের রিমান্ডে
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৬:২৪ পিএম
-
ছবি: সংগৃহীত
রাজধানীর শ্যামলীতে কিডনি চিকিৎসক কামরুল ইসলামের প্রতিষ্ঠিত সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে করা মামলায় গ্রেফতার চার আসামির চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৩ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডপ্রাপ্তরা হলেন ফারুক হোসেন সুমন (৪২), লিটন মিয়া (৩৮), ফালান মিয়া (৪২) ও মো. রুবে (৪২)। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক ছাবির আহমেদ আসামিদের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন।
ঢাকা মহানগর পুলিশের শেরেবাংলা নগর থানার মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী আবু হানিফ (৩৯), যিনি শ্যামলীর সিকেডি হাসপাতালের অপারেশন থিয়েটার ইনচার্জ হিসেবে কর্মরত, দীর্ঘদিন ধরে ১ নম্বর আসামি মঈন উদ্দিনের কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির মুখে ছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।
অভিযোগে বলা হয়, গত ১০ এপ্রিল সকাল আনুমানিক ৮টার দিকে মঈন উদ্দিনসহ অজ্ঞাতনামা ৭-৮ জন বাদীর বাসায় গিয়ে তার স্ত্রীর কাছে তাৎক্ষণিকভাবে পাঁচ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে তারা হুমকি ও উশৃঙ্খল আচরণ শুরু করেন। পরিস্থিতি খারাপের আশঙ্কায় বাদী তার ভাইকে ডেকে নেন।
পরে অভিযুক্তরা আরও লোকজন জড়ো করে প্রায় ৫০-৬০ জনের একটি দল নিয়ে সিকেডি হাসপাতালের সামনে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা স্লোগান দেয়, গালাগালি করে এবং হাসপাতালের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা চালায়। এমনকি হাসপাতালের মালিককে উদ্দেশ্য করে হুমকিসূচক স্লোগানও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলার মূল আসামি মঈন উদ্দিন এখনো পলাতক রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন