এ সম্পর্কিত আরও খবর
সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক
অভিবাসন নীতি বদলে বাংলাদেশ-ইতালি সহযোগিতা বাড়বে: রাষ্ট্রদূত
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ পিএম
-
ছবি: সংগৃহীত
বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বলেছেন, ইতালিতে আগামী জুন মাস থেকে নতুন অভিবাসন নীতি কার্যকর হবে। এ নীতি চালু হলে নিরাপদ অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন প্রক্রিয়া আরও দ্রুত ও সহজতর হবে।
তিনি জানান, বাংলাদেশ ও ইতালির মধ্যে নিরাপদ অভিবাসন, দ্বিপাক্ষিক শ্রমবাজার এবং দক্ষ কর্মী পাঠানোর বিষয়ে গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের পরবর্তী সভা ইতালিতে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে ইতালি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। নিরাপদ অভিবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে দেশটির সঙ্গে সহযোগিতার বিস্তৃত সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এ কারণে বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় এবং ভবিষ্যতে এ সম্পর্ক আরও জোরদার করতে চায়।
বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান। এ সময় রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণ করায় মন্ত্রীকে অভিনন্দন জানান।
বৈঠকে রাষ্ট্রদূত বলেন, ইতালি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহী। তিনি জানান, ইতালির বর্তমান সরকার নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং অবৈধ অভিবাসন প্রতিরোধে বদ্ধপরিকর। অভিবাসন ইস্যুটি দেশটির অগ্রাধিকার তালিকায় রয়েছে।
রাষ্ট্রদূত আরও জানান, গত বছরের জুলাই মাসে বাংলাদেশে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা অনুষ্ঠিত হয়েছিল। এর পরবর্তী সভা ইতালিতে অনুষ্ঠিত হবে।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো অভিনন্দনপত্র মন্ত্রীর হাতে তুলে দেন এবং তাকে ইতালি সফরের আমন্ত্রণ জানান। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সুবিধাজনক সময়ে ইতালি সফরের আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা, নিরাপদ অভিবাসন, অর্থনৈতিক সহযোগিতা, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কার্যক্রমসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, উপসচিব বেগম মিনারা নাজমীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইইউ অনুবিভাগের পরিচালক অনির্বাণ নিয়োগী এবং ইতালি দূতাবাসের হেড অব কনস্যুলার চ্যান্সেরি লরা শেলা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন