এ সম্পর্কিত আরও খবর
সংরক্ষিত নারী আসনে মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পিএম
-
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় ঐক্যজোটের ১৩ জনের মনোনয়নের মধ্যে ১২টি বৈধ ঘোষণা করা হয়েছে এবং একটি মনোনয়ন বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। সরকারি চাকরির পূর্ণাঙ্গ তথ্য না দেওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত করা হয়েছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, সরকারি চাকরি ছাড়ার তিন বছরের মধ্যে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা বা নির্বাচিত হওয়ার সুযোগ নেই। তবে শতভাগ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কৃষি ব্যাংক থেকে চাকরি ছাড়ার মাত্র চার মাসের মাথায় তিনি নারী আসনের সংসদ সদস্য প্রার্থী হয়েছেন বলে জানা গেছে। তার এই মনোনয়নের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীরা।
বিরোধীদলীয় জোটের পক্ষ থেকে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মোট ১৩টি আসন চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে জামায়াতে ইসলামীর আটজন, এনসিপির দুজন, বাংলাদেশ খেলাফত মজলিসের একজন, জাগপার একজন এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া এক শিশুর মাকে প্রার্থী করা হয়েছে। এসব প্রার্থীরা মঙ্গলবার নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেন।
এর আগে সোমবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জোট মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। মনিরা শারমিন ছাড়াও এনসিপির নারীশক্তির সদস্যসচিব মাহমুদা আলমকেও সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।
এনসিপির নারীশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক মনিরা শারমিন ২০২৩ সালের অক্টোবরে বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিসার (জেনারেল) পদে নিয়োগ পান। নিয়োগের পর তিনি কুষ্টিয়া শাখায় যোগ দেন। পরবর্তীতে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বদলি হয়ে রাজধানীর কারওয়ান বাজার করপোরেট কার্যালয়ে আসেন। সেখানে কর্মরত অবস্থায়ই তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হন। গত বছরের ডিসেম্বর মাসে তিনি কৃষি ব্যাংক থেকে চাকরি ত্যাগ করেন।
তার ফেসবুক প্রোফাইল অনুযায়ী, ২০২৩ সালের ১১ নভেম্বর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি কৃষি ব্যাংকের অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন