এ সম্পর্কিত আরও খবর
এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পিএম
-
ছবি: সংগৃহীত
নির্ধারিত সময়সীমা অতিক্রম করে মনোনয়নপত্র জমা দেওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আগামী ১২ মে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল গত মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত। তবে নুসরাত তাবাসসুম তার মনোনয়নপত্র জমা দেন বিকেল ৪টা ১৯ মিনিটে। নির্ধারিত সময়ের পরে জমা দেওয়ায় নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে।
অন্যদিকে, এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন মনোনয়নপত্র জমা দিলেও তা বর্তমানে আইনি জটিলতায় আটকে আছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর অযোগ্যতা সংক্রান্ত বিধান অনুযায়ী তার মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।
আরপিওর ১২(১)(চ) ধারা অনুযায়ী, সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরি থেকে অবসর বা পদত্যাগের পর তিন বছর পূর্ণ না হলে কেউ সংসদ সদস্য পদে প্রার্থী হতে পারেন না। তথ্য অনুযায়ী, মনিরা শারমিন ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগ দেন এবং গত ডিসেম্বরে চাকরি ছেড়েছেন। ফলে চাকরি ছাড়ার পর এখন পর্যন্ত মাত্র চার মাস অতিক্রান্ত হয়েছে।
মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা জানান, সংরক্ষিত ৫০টি নারী আসনের জন্য ১১ দলীয় জোটের জমা দেওয়া ১৩টি মনোনয়নের মধ্যে প্রাথমিকভাবে ১২টি গ্রহণ করা হয়েছে। তবে মনিরা শারমিনের নথিতে ঘাটতি থাকায় তাকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য আগামী বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন