এ সম্পর্কিত আরও খবর
বিগত ১৭ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে : শিক্ষামন্ত্রী
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১০ পিএম
-
ছবি: সংগৃহীত
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, ২০০৮-০৯ থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত প্রায় ১৭ বছরে শিক্ষা খাতে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির তদন্ত করে শ্বেতপত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে মাদরাসা শিক্ষায় ধর্মীয় পাঠের পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, আইটি ও ইংরেজি শিক্ষার প্রসার ঘটানোর পরিকল্পনাও রয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে তিনি এসব তথ্য তুলে ধরেন।
সরকারি দলের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, উল্লিখিত সময়কালে শিক্ষা খাতে হওয়া অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখতে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে সম্ভাব্য অনিয়ম, দুর্নীতি ও ব্যবস্থাপনাগত দুর্বলতা শনাক্ত করে একটি সমন্বিত প্রতিবেদন প্রস্তুত করা যায়।
তিনি জানান, তদন্ত শেষ হলে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে শ্বেতপত্র প্রকাশে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে তদন্তের পরিধি বড় হওয়ায় এখনই নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা সম্ভব নয়। যাচাই-বাছাই শেষ হলেই ধাপে ধাপে শ্বেতপত্র প্রকাশ করা হবে।
স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মাদরাসা শিক্ষাকে আধুনিক করতে কারিকুলামে পেশাভিত্তিক ও বৃত্তিমূলক বিষয় যুক্ত করা হবে। পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, আইটি ও ইংরেজি শিক্ষার ওপর জোর দেওয়া হবে। এ উদ্দেশ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের একটি কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে।
মন্ত্রী আরও জানান, ‘নির্বাচিত মাদ্রাসাসমূহের উন্নয়ন’ প্রকল্পের আওতায় ১,৪৪৫টি মাদ্রাসার ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে। এছাড়া ‘মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন’ নামে নতুন প্রকল্প নেওয়ার প্রক্রিয়া চলছে। শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের জন্য সৃজনশীল পদ্ধতি ও আইসিটি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একইসঙ্গে মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ডিজিটাল ল্যাব স্থাপনের মাধ্যমে আধুনিক শিক্ষাব্যবস্থা চালু করার কাজ অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন