এ সম্পর্কিত আরও খবর
ভোর থেকেই মুষলধারে বৃষ্টিতে ভিজছে রাজধানী
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ এএম
-
ছবি: সংগৃহীত
রাত থেকেই রাজধানীর আকাশ ছিল ঘন কালো মেঘে আচ্ছন্ন। ভোর হতেই হঠাৎ মুষলধারে বৃষ্টিতে ভিজে যায় পুরো ঢাকা। দিনের শুরুতেই এমন বৃষ্টি একদিকে গরম থেকে কিছুটা স্বস্তি দিলেও, বাইরে বের হওয়া মানুষের জন্য তা বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। সড়কে যান চলাচল ধীর হয়ে পড়ে, অনেক জায়গায় সৃষ্টি হয় জলজট।
বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে শুরু হওয়া এই বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও নিম্নআয়ের শ্রমজীবীরা। অনেকেই প্রস্তুতি ছাড়াই বের হয়ে ভিজে যান, কেউ আশ্রয় নেন আশপাশের দোকান বা ভবনে। ছাতা থাকলেও তীব্র বৃষ্টিতে অনেকের পোশাক ও জুতা ভিজে গিয়ে দুর্ভোগ আরও বাড়ে।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
পূর্বাভাস অনুযায়ী রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে একই ধরনের আবহাওয়া থাকতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস আরও জানায়, অন্তত দুপুর পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে দেশের উত্তর, মধ্যাঞ্চল ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির ঝুঁকি বেশি রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন