এ সম্পর্কিত আরও খবর
জাতীয় প্রেসক্লাবের সদস্য হলেন শায়রুল কবির খান
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৩ মে ২০২৬, ১২:৪৪ পিএম
-
ছবি: সংগৃহীত
দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ লাভ করেছেন। মঙ্গলবার (১২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রেসক্লাব নতুন সদস্যদের তালিকা প্রকাশ করে।
সদস্যপদ লাভের পর প্রতিক্রিয়ায় শায়রুল কবির খান বলেন, ‘এই সম্মান শতভাগ দীর্ঘদিনের সহকর্মী হিসেবে আপনাদের ভালোবাসা থেকে পাওয়া।’
তিনি বলেন, ‘আমার একমাত্র চাওয়া-আমি যেন আমার নীতি ঠিক রেখে চলার পথে সবসময় আপনাদের সঙ্গে থাকতে পারি।’
জাতীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘যাদের কল্যাণে এ সিদ্ধান্ত হয়েছে, তাদের কাছে আমি ঋণী। আল্লাহ যেন আমার মাঝে এই কৃতজ্ঞতাবোধ সবসময় বজায় রাখেন।’ শেষে তিনি মহান আল্লাহর কাছে সবার জন্য মঙ্গল কামনা করেন।
সময়ের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ শাহনেওয়াজ করিম শায়রুল কবির খানকে অভিনন্দন জানিয়ে বলেন, দেরিতে হলেও তার এ সদস্যপদপ্রাপ্তি আনন্দের। তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করা মানুষ। তার মঙ্গল কামনা করি।
তিনি বলেন, সাংবাদিকতা পেশায় শায়রুল কবির খানের দীর্ঘদিনের পরিশ্রম ও পেশাগত স্বীকৃতির অর্জন এটি।
এর আগে, আজ জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হিসেবে ৪৪১ জন সাংবাদিককে অন্তর্ভুক্ত করা হয়। সন্ধ্যায় প্রেসক্লাব প্রাঙ্গণে নতুন সদস্যদের তালিকা প্রকাশ ও টানানো হয়। জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া স্বাক্ষরিত তালিকায় নতুন সদস্যদের নাম প্রকাশ করা হয়।
প্রেসক্লাব সূত্র জানায়, দীর্ঘ যাচাই-বাছাই ও আবেদন প্রক্রিয়া শেষে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মধ্য থেকে এসব সদস্য নির্বাচন করা হয়েছে। নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে জাতীয় প্রেসক্লাব আরও গতিশীল ও প্রতিনিধিত্বশীল হবে।
জাতীয় প্রেসক্লাব দেশের সাংবাদিকদের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী সংগঠন। সাংবাদিকদের পেশাগত অধিকার, কল্যাণ ও গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রতিষ্ঠানটি।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন