এ সম্পর্কিত আরও খবর
জাতীয় ঈদগাহে ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৬ মে ২০২৬, ১১:১৬ এএম
-
ছবি: সংগৃহীত
রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে এবারও অনুষ্ঠিত হবে দেশের প্রধান ঈদের জামাত। এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
সোমবার (২৫ মে) আয়োজিত এক ব্রিফিংয়ে ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম জানান, মুসল্লিদের জন্য নিরাপদ, সুশৃঙ্খল ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ এবং বিদেশি কূটনীতিকরা।
প্রায় ৩০ হাজার বর্গমিটার আয়তনের জাতীয় ঈদগাহ ময়দানে ২৫ হাজার ৪০০ বর্গমিটার জায়গাজুড়ে নির্মাণ করা হয়েছে প্যান্ডেল। এখানে ১২১টি কাতারে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
ভিআইপি পুরুষদের জন্য ৫টি এবং নারীদের জন্য ১টি বিশেষ কাতার রাখা হয়েছে। এছাড়া সাধারণ মুসল্লিদের জন্য ৬৫টি বড় কাতার ও নারী মুসল্লিদের জন্য ৫০টি পৃথক কাতারের ব্যবস্থা করা হয়েছে। প্রায় ৩১ হাজার পুরুষ ও সাড়ে ৩ হাজার নারী মুসল্লি নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঈদগাহে প্রবেশের জন্য রাখা হয়েছে ৪টি ফটক। এর মধ্যে ভিআইপিদের জন্য একটি, সাধারণ পুরুষ মুসল্লিদের জন্য দুটি এবং নারীদের জন্য একটি আলাদা ফটক থাকবে। পাশাপাশি বহির্গমনের জন্য থাকবে মোট ৭টি ফটক।
মুসল্লিদের সুবিধার্থে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, পর্যাপ্ত ফ্যান ও আলোর ব্যবস্থা, নিরাপদ খাবার পানি, কার্পেট এবং ভিআইপি কাতারে জায়নামাজ সরবরাহ করা হবে। নারীদের জন্য রাখা হয়েছে পৃথক প্রবেশপথ ও নামাজের বিশেষ ব্যবস্থা।
অজুখানায় একসঙ্গে প্রায় ১৪০ জন অজু করতে পারবেন। এর মধ্যে পুরুষদের জন্য ১১৩ জন এবং নারীদের জন্য ২৭ জনের আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।
ঈদ জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নিনির্বাপণ প্রস্তুতির পাশাপাশি থাকবে প্রাথমিক চিকিৎসা সেবা, ভ্রাম্যমাণ টয়লেট, বৃষ্টির পানি নিষ্কাশন ও পানি নিরোধক সামিয়ানার ব্যবস্থা।
এছাড়া মুসল্লিদের আকর্ষণে ঈদগাহে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন তিনটি ফটক। আয়োজকরা জানিয়েছেন, ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশে ঈদের নামাজ আদায়ের সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন