এ সম্পর্কিত আরও খবর
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী আজ
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ৩০ মে ২০২৬, ০৭:৫৭ এএম
-
ছবি: সংগৃহীত
আজ শনিবার সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সামরিক অভ্যুত্থানচেষ্টার ঘটনায় তিনি নিহত হন।
বিএনপির ভাষ্য অনুযায়ী, মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর ‘অপারেশন সার্চলাইট’-এর পর সারা দেশে যখন অনিশ্চয়তা ও আতঙ্ক বিরাজ করছিল, তখন চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। যুদ্ধে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত করে।
১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর রাষ্ট্রীয় নেতৃত্বে আসেন জিয়াউর রহমান। পরে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে পরিচিত।
শাহাদতবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো আট দিনের কর্মসূচি গ্রহণ করেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সারা দেশে বিশেষ পোস্টার প্রকাশ, কালো ব্যাজ ধারণ এবং বিভিন্ন সংবাদমাধ্যমে বিশেষ ক্রোড়পত্র প্রকাশের কর্মসূচি চলছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ ভোরে দলীয় কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলন করা হয়েছে। এছাড়া সকাল ১১টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে সেখানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার বাগবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। তার বাবা মনসুর রহমান এবং মা জাহানারা খাতুন। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। বিবিসি বাংলার এক জরিপে সর্বকালের সেরা ২০ বাঙালির তালিকায়ও স্থান পেয়েছিলেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন