এ সম্পর্কিত আরও খবর
সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৩ জুন ২০২৬, ১২:৩৩ পিএম
-
ছবি: সংগৃহীত
ঈদুল আজহার ছুটির পর সচিবালয়ে অফিস কার্যক্রম শুরুর দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুরুত্বপূর্ণ লাল (রেড) টেলিফোনের সংযোগ বিচ্ছিন্ন থাকার ঘটনা ধরা পড়ে। পরে প্রায় সাত ঘণ্টার চেষ্টায় সংযোগ পুনরুদ্ধার করে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১ জুন সকালে প্রধানমন্ত্রীর সচিবালয় কার্যালয় পরিদর্শনের সময় লাল টেলিফোনে কোনো সংযোগ না থাকায় বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। খবর পেয়ে বিটিসিএলের কারিগরি দল দ্রুত কাজ শুরু করে এবং বিকেল ৩টার দিকে সংযোগ পুনরায় চালু করতে সক্ষম হয়।
ঘটনার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি বিষয়টি তদন্তে নেমেছে একাধিক গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনী।
বিটিসিএল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক প্রতিবেদনে জানিয়েছে, সচিবালয়ের পুরোনো ২ নম্বর ভবন থেকে নতুন ১ নম্বর ভবন পর্যন্ত বিস্তৃত গুরুত্বপূর্ণ টেলিযোগাযোগ নেটওয়ার্কের কপার ক্যাবলের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। কোথাও তার কাটা ছিল, আবার কোথাও তার সম্পূর্ণ অনুপস্থিত ছিল।
এর ফলে শুধু সাধারণ টেলিফোন নয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাল টেলিফোনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ হটলাইন অচল হয়ে পড়ে। এতে সরকারি যোগাযোগ ও প্রশাসনিক কার্যক্রমে বিঘ্ন ঘটে।
বিটিসিএলের ফোন-৩ শাখার ব্যবস্থাপক নাজিম হায়দার সংশ্লিষ্টদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এ ঘটনায় সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থাও নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্থাপনা হওয়া সত্ত্বেও নিরাপত্তা ব্যবস্থায় কিছু দুর্বলতা রয়েছে, যা ঝুঁকি তৈরি করতে পারে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তে পুলিশের স্পেশাল ব্রাঞ্চসহ বিভিন্ন সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন