এ সম্পর্কিত আরও খবর
ভঙ্গুর অর্থনীতিতে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট, বড় চ্যালেঞ্জ ঘাটতি ও ঋণনির্ভরতা
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৬ জুন ২০২৬, ১২:৪৮ পিএম
-
ছবি: সংগৃহীত
দেশের অর্থনীতি যখন উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংক খাতের তারল্য সংকট আর দুর্বল রাজস্ব আদায়ের চাপে ধুঁকছে, ঠিক তখনই আসছে প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বিশাল বাজেট।
আগামী ১১ জুন জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকারের দাবি, এই বাজেটের লক্ষ্য অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ।
তবে সবচেয়ে বড় উদ্বেগ প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার বাজেট ঘাটতি। এই ঘাটতি পূরণে সরকারকে ব্যাপকভাবে নির্ভর করতে হবে ব্যাংক ঋণ ও বৈদেশিক ঋণের ওপর। অর্থনীতিবিদদের আশঙ্কা, এতে বেসরকারি বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি অর্থনীতির ওপর বাড়তে পারে অতিরিক্ত চাপ।
বাজেটে খাদ্য, বিদ্যুৎসহ বিভিন্ন খাতে ভর্তুকি অব্যাহত থাকছে। একই সঙ্গে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বরাদ্দ বাড়িয়ে প্রায় ১ লাখ ৩৮ হাজার কোটি টাকা করার পরিকল্পনা রয়েছে।
স্বাস্থ্য খাতেও থাকছে অগ্রাধিকারে। শিক্ষা খাতে প্রায় ৫০ হাজার কোটি এবং স্বাস্থ্য খাতে ৪৩ হাজার কোটি টাকার বেশি বরাদ্দের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নবম পে-স্কেল বাস্তবায়নের জন্যও বড় অঙ্কের অর্থ সংরক্ষণের আলোচনা রয়েছে।
তবে সাধারণ মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মূল্যস্ফীতি। গত কয়েক বছর ধরে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। সরকার আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে। কিন্তু একই সময়ে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির মূল্য সমন্বয়ের পরিকল্পনা রয়েছে, যা আবার নতুন করে বাজারে চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
এবারের বাজেটের নতুন সংযোজন ‘সৃজনশীল অর্থনীতি’। তথ্যপ্রযুক্তি, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ, ক্রীড়া ও সাংস্কৃতিক খাতে তরুণদের জন্য নতুন সুযোগ তৈরির পরিকল্পনাও থাকছে এতে।
সব মিলিয়ে নতুন বাজেটের লক্ষ্য অর্থনীতিকে পুনরুদ্ধার করা, বিনিয়োগ বাড়ানো এবং মানুষের জীবনমান উন্নত করা। কিন্তু প্রশ্ন একটাই—রাজস্ব আদায়ের দুর্বলতা, ঋণনির্ভরতা এবং মূল্যস্ফীতির চাপের মধ্যে এই বিশাল বাজেট কতটা বাস্তবায়ন করা সম্ভব? সেই উত্তর মিলবে আগামী এক বছরে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন